অর্থনীতিতে প্রাণচাঞ্চল্য আনতে রাবনাবাদে সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন

প্রাইম বার্তা অনলাইন
১৭ মার্চ ২০২৬ ৯:৫৮ পিএম
অর্থনীতিতে প্রাণচাঞ্চল্য আনতে রাবনাবাদে সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন

সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, জনগণের দুর্ভোগ লাঘব ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের মাধ্যমে দেশের অর্থনীতিতে প্রাণচাঞ্চল্য ফিরিয়ে আনাই সরকারের মূল লক্ষ্য। মঙ্গলবার (১৭ মার্চ) সকাল সাড়ে ৯টায় পটুয়াখালীতে লেবুখালী–বাউফল–গলাচিপা–আমরাগাছিয়া আঞ্চলিক মহাসড়কের অংশ রাবনাবাদ নদীর ওপর নির্মিতব্য সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তিনি।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী জানান, রাবনাবাদ সেতু নির্মাণ কাজ শেষ হলে রাজধানীসহ সারা দেশের সঙ্গে এই অঞ্চলের মানুষের সড়ক পথে নিরবচ্ছিন্ন যোগাযোগ স্থাপিত হবে। এতে করে উৎপাদিত পণ্য সহজে পরিবহন এবং কর্মজীবী মানুষ জাতীয় অর্থনীতিতে আরও বেশি ভূমিকা রাখতে পারবেন। তিনি আরও বলেন, জনগণের আকাঙ্ক্ষা পূরণ ও জনকল্যাণ নিশ্চিত করা নির্বাচিত সরকারের দায়িত্ব।

এ সময় মন্ত্রী সংশ্লিষ্ট মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের ধন্যবাদ জানিয়ে বলেন, দ্রুততম সময়ের মধ্যেই এই সেতুর নির্মাণ কাজ শেষ করা হবে। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রেলপথ এবং সড়ক পরিবহণ ও মহাসড়ক বিভাগের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. নুরুল হক নুর, সড়ক পরিবহণ ও মহাসড়ক বিভাগের সচিব ড. মোহাম্মদ জিয়াউল হক, সড়ক ও জনপথ বিভাগের প্রধান প্রকৌশলী সৈয়দ মইনুল হাসান, পটুয়াখালী জেলা প্রশাসক মোহাম্মদ শহিদ হোসেন চৌধুরী এবং সংশ্লিষ্ট বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...