বিমানে পুনর্গঠন: ফাইন্যান্স ও অ্যাডমিন পরিচালক হলেন মিজানুর

প্রাইম বার্তা অনলাইন
১৮ মার্চ ২০২৬ ৩:১২ এএম
বিমানে পুনর্গঠন: ফাইন্যান্স ও অ্যাডমিন পরিচালক হলেন মিজানুর

রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে বড় ধরনের পদোন্নতি ও পদবি পরিবর্তন হয়েছে। সম্প্রতি সরকারের পুনর্গঠন কার্যক্রমের অংশ হিসেবে অত্যন্ত অভিজ্ঞ ও দক্ষ কর্মকর্তা মোহাম্মদ মিজানুর রশীদকে এই গুরুত্বপূর্ণ দায়িত্ব অর্পণ করা হয়। তাকে জেনারেল ম্যানেজার (অ্যাডমিন) পদে নিয়োগের পাশাপাশি ফাইন্যান্স এবং অ্যাডমিনিস্ট্রেশন বিভাগের পরিচালক হিসেবে অতিরিক্ত দায়িত্ব প্রদান করা হয়েছে।

এভিয়েশন খাতে রয়েছে তার ২৮ বছরের দীর্ঘ কর্মজীবন। ফ্রান্স থেকে এভিয়েশন বিষয়ে এমবিএ ডিগ্রি অর্জন করেছেন তিনি। এছাড়াও বর্তমানে দেশের একমাত্র এভিয়েশন বিশ্ববিদ্যালয়ে ভিজিটিং ফ্যাকাল্টি হিসেবে তিনি পাঠদান করছেন। বিশেষজ্ঞদের ধারণা, এই অভিজ্ঞতা ও শিক্ষাগত যোগ্যতা বিমান বাংলাদেশের বর্তমান আর্থিক ও পরিচালনাগত সংকট কাটিয়ে উঠতে বিশেষ ভূমিকা রাখবে।

সরকার পরিবর্তনের পর থেকেই এভিয়েশন খাতে অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়া হয়েছে। সততা ও যোগ্যতার ভিত্তিতে নতুন নেতৃত্ব মনোনয়নের এই প্রক্রিয়ার অংশ হিসেবেই তাকে এই পদে আনা হয়েছে। তবে নিয়োগ প্রক্রিয়াকে বিতর্কিত করতে একটি মহল থেকে বিভ্রান্তিমূলক তথ্য ছড়ানোর অভিযোগও উঠেছে। সংশ্লিষ্টরা জানিয়েছেন, ব্যক্তিগত স্বার্থ হাসিলে বাধা সৃষ্টি করতেই এসব অপপ্রচার চালানো হচ্ছে। সংস্কার কাজে মনোযোগ দিয়েই এসব মোকাবেলা করছেন বলে জানা গেছে।

আর্থিক লোকসান ও আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতার চাপ সত্ত্বেও বিমান বাংলাদেশকে টেকসই অবস্থানে নিয়ে যেতে মিজানুর রশীদের এই নিয়োগ যুগান্তকারী ভূমিকা পালন করবে বলে সবাই আশাবাদ ব্যক্ত করেছেন। দক্ষ ব্যবস্থাপনা ও সুশাসন প্রতিষ্ঠার মাধ্যমে প্রতিষ্ঠানটির গ্রহণযোগ্যতা ফিরিয়ে আনাই এখন মূল চ্যালেঞ্জ।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...