পূর্বাচল থেকে দক্ষিণবঙ্গগামী লঞ্চ সার্ভিস চালু, স্বস্তিতে যাত্রীরা

প্রাইম বার্তা অনলাইন
১৮ মার্চ ২০২৬ ২:২০ এএম
পূর্বাচল থেকে দক্ষিণবঙ্গগামী লঞ্চ সার্ভিস চালু, স্বস্তিতে যাত্রীরা

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঘরমুখী মানুষের যাত্রা নির্বিঘ্ন ও নিরাপদ করতে পূর্বাচলের শিমুলিয়া ট্যুরিস্ট ঘাট থেকে চাঁদপুর ও বরিশালগামী বিশেষ লঞ্চ সার্ভিসের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (১৭ মার্চ) নৌপরিবহণ প্রতিমন্ত্রী মো. রাজিব আহসান প্রধান অতিথি হিসেবে এই সার্ভিসের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এই উদ্যোগের মাধ্যমে রাজধানীর সদরঘাট লঞ্চ টার্মিনালের চাপ ও যানজট কমানোর পাশাপাশি যাত্রীদের আরো স্বাচ্ছন্দ্যময় নৌযাত্রা নিশ্চিত করতে চায় সরকার।

প্রতিমন্ত্রী জানান, পরীক্ষামূলকভাবে এ সার্ভিস চালু করা হলেও ঈদের আগ পর্যন্ত তা অব্যাহত থাকবে এবং ভবিষ্যতে এটি পূর্ণাঙ্গভাবে চালুর পরিকল্পনা রয়েছে। পূর্বাচলের ৩০০ ফিট সড়কের সাথে সরাসরি সংযোগ থাকায় নারায়ণগঞ্জ, গাজীপুর, উত্তরা ও নরসিংদীর যাত্রীরা সহজেই এই ঘাট ব্যবহার করতে পারবেন। তিনি আরো জানান, যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত ও টিকিট ব্যবস্থাপনায় কোনো অনিয়ম যেন না হয়, সে জন্য ঘাট এলাকায় আইনশৃঙ্খলা বাহিনী সার্বক্ষণিক মোতায়েন থাকবে এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে।

সার্ভিস সূচি অনুযায়ী, প্রতিদিন সকাল ৮টায় এমভি সমতা অ্যান্ড সমৃদ্ধি এক্সপ্রেস চাঁদপুর রুটে ছেড়ে যাবে। একই রুটে সকাল ৯টায় এমভি সমতা সমৃদ্ধি-১ এবং বরিশাল রুটে সকাল ৮টায় এমভি রাজারহাট-বি লঞ্চটি ছেড়ে যাবে। প্রবীণ, নারী ও অসুস্থ যাত্রীদের সুবিধার্থে ১৭ থেকে ২৮ মার্চ পর্যন্ত টার্মিনাল থেকে লঞ্চ পর্যন্ত বিনামূল্যে কুলি সেবা এবং প্রতিবন্ধীদের জন্য হুইল চেয়ারের ব্যবস্থা রাখা হয়েছে। এ সময় নৌপরিবহণ মন্ত্রণালয়ের সচিব, বিআইডব্লিউটিএ চেয়ারম্যান এবং রূপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসারসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...