পুলিশ সংস্কার ও রোহিঙ্গা প্রত্যাবাসনে যুক্তরাজ্যের সহযোগিতা চায় ঢাকা
অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় অনুষ্ঠিত গ্লোবাল ফ্রড সামিটের ফাঁকে যুক্তরাজ্যের প্রতিনিধির সঙ্গে অত্যন্ত গুরুত্বপূর্ণ এক দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হয়েছেন বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ। স্থানীয় সময় মঙ্গলবার (১৭ মার্চ) বিকেলে ভিয়েনা ইন্টারন্যাশনাল সেন্টারে যুক্তরাজ্যের স্বরাষ্ট্র দপ্তরের প্রতিমন্ত্রী লর্ড হ্যানসনের সাথে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে বাংলাদেশ পুলিশ বাহিনীকে আধুনিক ও জনবান্ধব করে গড়ে তুলতে ব্রিটিশ দক্ষতা ও অভিজ্ঞতা কাজে লাগানোর আগ্রহ প্রকাশ করেন স্বরাষ্ট্রমন্ত্রী। মানবাধিকার সুরক্ষা ও প্রাতিষ্ঠানিক জবাবদিহিতা নিশ্চিত করতে যুক্তরাজ্যের কারিগরি সহযোগিতা এবং প্রশিক্ষণের ওপর জোর দেন তিনি। এছাড়া মিয়ানমার থেকে বাস্তুচ্যুত রোহিঙ্গা নাগরিকদের নিরাপদ ও টেকসই প্রত্যাবাসনে আন্তর্জাতিক মহলে চাপ সৃষ্টিতে লন্ডনের ভূমিকা জোরদারের অনুরোধ জানান তিনি।
দ্বিপাক্ষিক সম্পর্ক আরও সুদৃঢ় করতে সন্ত্রাসবাদ দমন ও সামুদ্রিক নিরাপত্তায় সহযোগিতার প্রতিশ্রুতি ব্যক্ত করেন উভয় পক্ষ। স্বরাষ্ট্রমন্ত্রী ২০২৬ সালের জাতীয় নির্বাচন পরবর্তী রাজনৈতিক স্থিতিশীলতা ও গণতান্ত্রিক সংস্কারে যুক্তরাজ্যের সমর্থনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। লর্ড হ্যানসন বাংলাদেশের নিরাপত্তা খাতের সংস্কার পরিকল্পনার প্রশংসা করেন এবং এসব ক্ষেত্রে সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন।

