রাবনাবাদ সেতুর ভিত্তিপ্রস্তর, দক্ষিণাঞ্চলের অর্থনীতিতে গতি আনার প্রত্যয়
লেবুখালী–বাউফল–গলাচিপা–আমড়াগাছিয়া আঞ্চলিক মহাসড়কের রাবনাবাদ নদীর ওপর সেতু নির্মাণের মহোৎসব পালিত হয়েছে। মঙ্গলবার (১৭ মার্চ) সকাল সাড়ে ৯টায় প্রধান অতিথি হিসেবে এই সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। এ সময় উপস্থিত ছিলেন সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী, সচিব ও ঊর্ধ্বতন কর্মকর্তারা।
অনুষ্ঠানে সেতুমন্ত্রী বলেন, সরকারের মূল লক্ষ্য হলো জনগণের যোগাযোগ ব্যবস্থা নিশ্চিত করা এবং তাদের জীবনমান উন্নয়ন করা। তিনি জানান, এই সেতু নির্মাণ হলে রাজধানীর সাথে এ অঞ্চলের সড়ক পথে সরাসরি যোগাযোগ স্থাপিত হবে, যা উৎপাদিত পণ্য পরিবহণ সহজ করবে এবং অঞ্চলটির অর্থনীতিতে প্রাণচাঞ্চল্য নিয়ে আসবে। নির্বাচিত সরকারের দায়িত্ব হলো জনকল্যাণ ও জনআকাঙ্খা পূরণ করা এবং দ্রুততম সময়ে জনদুর্ভোগ লাঘব করা। তিনি আশা প্রকাশ করেন যে, দ্রুতই এই সেতুর নির্মাণ কাজ শেষ হবে।
এ সময় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রেলপথ ও সড়ক পরিবহণ বিভাগের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. নুরুল হক নুর, সড়ক পরিবহণ ও মহাসড়ক বিভাগের সচিব ড. মোহাম্মদ জিয়াউল হক, সড়ক ও জনপথ বিভাগের প্রধান প্রকৌশলী সৈয়দ মইনুল হাসান, পটুয়াখালী জেলা প্রশাসক মোহাম্মদ শহিদ হোসেন চৌধুরী এবং স্থানীয় সংসদ সদস্য ও প্রকৌশলীবৃন্দ। প্রতিমন্ত্রী মো. নুরুল হক নুর বলেন, এ অঞ্চলের মানুষের দীর্ঘদিনের আকাঙ্ক্ষা ও অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যেই সরকার এই উন্নয়ন কাজ এগিয়ে নিয়ে যাচ্ছে।

