বিচার বিভাগকে শক্তিশালী করতে ইউএনডিপি ও নরওয়ের নতুন অংশীদারিত্ব

প্রাইম বার্তা অনলাইন
১৭ মার্চ ২০২৬ ৯:২৫ পিএম
বিচার বিভাগকে শক্তিশালী করতে ইউএনডিপি ও নরওয়ের নতুন অংশীদারিত্ব

বাংলাদেশে বিচার বিভাগের স্বাধীনতা ও প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি) এবং নরওয়ে সরকার একটি নতুন অংশীদারিত্ব চুক্তিতে স্বাক্ষর করেছে। ‘কনসোলিডেটিং জাস্টিস রিফর্মস ফর লং টার্ম স্ট্যাবিলিটি অ্যান্ড ইকোনমিক গ্রোথ ইন বাংলাদেশ ২০২৬’ শীর্ষক এই উদ্যোগটির আওতায় দেশের বিচারিক কাঠামোকে আরও গতিশীল ও আধুনিক করার পরিকল্পনা নেওয়া হয়েছে। মঙ্গলবার ঢাকাস্থ নরওয়ে দূতাবাসে আয়োজিত এক অনুষ্ঠানে ইউএনডিপি বাংলাদেশের আবাসিক প্রতিনিধি স্টেফান লিলার এবং বাংলাদেশে নরওয়ের রাষ্ট্রদূত হাকন আরাল্ড গুলব্র্যান্ডসেন নিজ নিজ পক্ষে চুক্তিটিতে সই করেন।

এই প্রকল্পের আওতায় সুপ্রিম কোর্ট সচিবালয়ের কার্যক্রম আরও জোরদার করতে প্রয়োজনীয় অবকাঠামো উন্নয়ন এবং আধুনিক সরঞ্জাম সরবরাহ করা হবে। পাশাপাশি, সচিবালয়ের নতুন কর্মীদের দক্ষতা বাড়াতে বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে, যাতে বিচার বিভাগের প্রশাসনিক কাজ আরও সুষ্ঠু ও দক্ষভাবে পরিচালিত হতে পারে। এছাড়াও, বিচার বিভাগের স্বাধীনতা সম্পর্কে সমাজের বিভিন্ন স্তরে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে আইনজীবী, শিক্ষাবিদ এবং নাগরিক সমাজের প্রতিনিধিদের নিয়ে যৌথ সংলাপের আয়োজন করা হবে।

চুক্তি স্বাক্ষরকালে ইউএনডিপি প্রধান স্টেফান লিলার বলেন, সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠার পর থেকেই মেধাভিত্তিক বিচারক নিয়োগ এবং নাগরিকবান্ধব সেবা প্রদানের মাধ্যমে বিচার বিভাগকে শক্তিশালী করতে উল্লেখযোগ্য ভূমিকা রেখে চলেছে। নরওয়ের সঙ্গে এই নতুন সহযোগিতা সংস্কারকে টেকসই প্রাতিষ্ঠানিক রূপ দিতে সহায়তা করবে। নরওয়ের রাষ্ট্রদূত হাকন আরাল্ড গুলব্র্যান্ডসেন বলেন, বিচার বিভাগের স্বাধীনতা গণতান্ত্রিক শাসনব্যবস্থা ও অর্থনৈতিক অগ্রগতির চাবিকাঠি। এই উদ্যোগ আদালতের প্রশাসনকে আধুনিক করার পাশাপাশি সাধারণ মানুষের জন্য বিচার প্রাপ্তি সহজ করবে এবং জবাবদিহিতা নিশ্চিত করবে। এই অংশীদারিত্ব দীর্ঘমেয়াদী স্থিতিশীলতা ও জনগণের আস্থাযুক্ত একটি বিচার ব্যবস্থা প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন তিনি।

এই চুক্তির মাধ্যমে বাংলাদেশে আইনের শাসন ও বিচারিক সংস্কারে সহায়তার ক্ষেত্রে তাদের নিরলস অঙ্গীকার পুনর্ব্যক্ত করলো ইউএনডিপি ও নরওয়ে। টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জন এবং গণতান্ত্রিক মূল্যবোধ সুসংহত করতে এই উদ্যোগ এক নতুন দিগন্ত উন্মোচন করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...