শিক্ষামন্ত্রীর হুঁশিয়ারি, ছাত্রদের রাস্তায় দাঁড় করালে ব্যবস্থা
শিক্ষার্থীদের রোদ-রৌদ্রে সড়কের পাশে দাঁড় করিয়ে অতিথিদের ফুলের তোড়া দিয়ে বরণ করা যাবে না বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। শুক্রবার (১৩ মার্চ) চাঁদপুরের কচুয়া উপজেলায় জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে আয়োজিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কঠোর নির্দেশনা দেন।
অনুষ্ঠানস্থলে যাওয়ার পথে সড়কের দুপাশে শিক্ষার্থীদের দাঁড় করিয়ে রাখা দেখে তাৎক্ষণিকভাবে অসন্তোষ প্রকাশ করেন মন্ত্রী। তিনি বলেন, সাধারণ মানুষের মতোই তার চলাফেরা করা উচিত। তাই তার জন্য কোনো শিক্ষার্থীকে রাস্তায় দাঁড় করিয়ে রাখা বা ফুলের মালা দেওয়া সম্পূর্ণভাবে নিষিদ্ধ। তিনি শিক্ষকদের উদ্দেশ্যে বলেন, ছাত্র-ছাত্রীদের রোদের মধ্যে দাঁড় করতে হবে না, তাদের দ্রুত ছুটি দিয়ে বাড়িতে পাঠিয়ে দিতে হবে। তিনি নিজেই স্কুলে গিয়ে শিক্ষার্থীদের সঙ্গে দেখা করবেন বলে জানান। এ ছাড়া শিক্ষা প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটি শিথিল করা হয়নি এবং এটি ধাপে ধাপে করা যায় কিনা তা ভাবা হচ্ছে বলেও সাংবাদিকদের জানান তিনি।
অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন এবং তাদের পড়াশোনার খোঁজখবর নেন শিক্ষামন্ত্রী। এর আগে তিনি কচুয়ায় নিবন্ধিত বেসরকারি এতিমখানায় চেক বিতরণ এবং দরিদ্রদের মাঝে হুইল চেয়ার বিতরণ করেন। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসান রাসেল, কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. বোরহান উদ্দিন ও স্থানীয় জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

