ঈদযাত্রায় বৃষ্টির বাধা, কবে কোথায় কেমন থাকবে আবহাওয়া
আসন্ন ঈদুল ফিতরকে সামনে রেখে ঘরমুখো মানুষের মনে দেখা দিয়েছে বৃষ্টির শঙ্কা। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, আগামী ১৬ ও ১৭ মার্চ, অর্থাৎ ঈদের ছুটিতে বাড়ি ফেরার সময় বৃষ্টির কারণে যাতায়াতে কিছুটা বিঘ্ন ঘটতে পারে। আবহাওয়াবিদ নাজমুল হক জানিয়েছেন, এই সময় দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে, তবে তা সারাদিন স্থায়ী হবে না।
মার্চ মাস কালবৈশাখীর জন্য পরিচিত হলেও এবছর এখনো কোনো প্রবল ঝড় আসেনি। তবে আগামী কয়েকদিনের মধ্যে বিক্ষিপ্তভাবে কালবৈশাখী আঘাত হানার আশঙ্কা রয়েছে। নাজমুল হক বলেন, যেখানেই বৃষ্টি হবে, সেখানে আধা ঘণ্টা থেকে এক ঘণ্টার মধ্যে দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রপাত হতে পারে। এক্ষেত্রে বাতাসের গতিবেগ ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার পর্যন্ত হতে পারে। তবে ৬০ বা ৭০ কিলোমিটার বেগে বাতাস বয়ে যাওয়ার সম্ভাবনা এখন খুব কম।
একাধারে বৃষ্টি হওয়ার সম্ভাবনা না থাকলেও বিভিন্ন সময়ে সাময়িক বৃষ্টি অব্যাহত থাকবে। তিনি আরও জানান, এখন থেকে তিন দিনের মধ্যে যে পূর্বাভাস দেওয়া হয়, তা সবচেয়ে নির্ভুল হয়। তাই দীর্ঘমেয়াদী পূর্বাভাসের তুলনায় স্বল্পমেয়াদী পূর্বাভাসের ওপরই নির্ভর করতে হচ্ছে। সব মিলিয়ে ঈদের আনন্দে বৃষ্টির কিছুটা প্রভাব পড়ার সম্ভাবনা রয়েছে।

