পবিত্র কোরআন স্পর্শ করে শপথ: সাজ্জাদ বাহিনীর তিন সদস্য গ্রেফতার

প্রাইম বার্তা অনলাইন
১৩ মার্চ ২০২৬ ৬:৫৭ পিএম
পবিত্র কোরআন স্পর্শ করে শপথ: সাজ্জাদ বাহিনীর তিন সদস্য গ্রেফতার

চট্টগ্রামে এক শিল্পপতির বাড়িতে ব্যাপক গুলিবর্ষণের ঘটনায় জড়িত থাকার অভিযোগে শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদ আলী খানের তিন সহযোগীকে আটক করেছে পুলিশ। অপারেশন এস-ড্রাইভের অংশ হিসেবে তাদের কাছ থেকে একটি এসএমজি, একটি বিদেশি রিভলভার, পিস্তল ও গুলি উদ্ধার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলেন কাইয়ুম চৌধুরী ওরফে রিমন, মনির এবং সায়েম, যাদের বিরুদ্ধে খুন, ডাকাতি ও চাঁদাবাজিসহ একাধিক মামলা রয়েছে।

পুলিশ জানিয়েছে, বর্তমানে বিদেশে পলাতক সাজ্জাদ আলী খানের সন্ত্রাসী গ্রুপে যোগদানের জন্য একটি বিশেষ প্রক্রিয়া পালন করতে হয়। গ্রেফতারদের কাছ থেকে উদ্ধার হওয়া ভিডিও ক্লিপে দেখা যায়, নতুন সদস্যদের পবিত্র কোরআন বা ধর্মগ্রন্থ হাতে নিয়ে শপথ বাক্য পাঠ করতে হয়। ওই ভিডিও সাজ্জাদের কাছে পাঠানোর পর তিনি অনুমোদন দিলেই কেবল কোনো ব্যক্তি তার দলের সদস্য হতে পারেন। ভিডিওতে এক যুবককে স্পষ্টভাবে বলতে শোনা যায়, জীবন-মরণ যাই হোক, সাজ্জাদ ভাইয়ের সঙ্গে কোনো বিশ্বাসঘাতকতা করা হবে না।

গোয়েন্দা তথ্য অনুযায়ী, সাজ্জাদের এই বাহিনীতে বর্তমানে ২০ থেকে ২২ জন দুঃসাহসী সন্ত্রাসী রয়েছে, যারা প্রকাশ্যে একে-৪৭ রাইফেল ও এসএমজির মতো ভারী অস্ত্র ব্যবহার করে হত্যাকাণ্ড ঘটাতে দ্বিধাবোধ করে না। এই চক্রটি গত ৫ আগস্টের পর থেকে চট্টগ্রাম নগরী ও উত্তর জেলায় ধারাবাহিকভাবে খুন, চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে আসছিল। শিল্পপতি মুস্তাফিজুর রহমান ও মুজিবুর রহমানের বাসায় গুলিবর্ষণের ঘটনার পর পুলিশ জোরদার অভিযান পরিচালনা করে তাদের তথ্য উদ্ঘাটন ও গ্রেফতারে সফল হয়েছে।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...