গণমাধ্যমের স্বাধীনতাই সভ্যতার মূল চালিকাশক্তি: তথ্যমন্ত্রী
তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, আধুনিক বিশ্বে গণমাধ্যম ছাড়া সভ্যতার চর্চা কল্পনা করা যায় না। দেশের অতীতের ক্ষমতাসীনরা গণমাধ্যমকে নিজেদের নিয়ন্ত্রণে রাখতে বারবার প্রচেষ্টা চালিয়েছে। শুক্রবার (১৩ মার্চ) বগুড়ার করতোয়া কনভেনশন সেন্টারে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, রাষ্ট্র ও সমাজের কার্যকলাপ জনগণের সামনে তুলে ধরাই গণমাধ্যমের মূল দায়িত্ব। তিনি জানান, নির্বাচনী ইশতেহার অনুযায়ী গণমাধ্যমের পূর্ণ স্বাধীনতা নিশ্চিত করা সরকারের অগ্রাধিকার। এ সময় তিনি জবাবদিহিতার অভাবে দেশে শেখ হাসিনার মতো পতিত ও লাঞ্ছিত নেতার উত্থান হওয়ার কথাও উল্লেখ করেন। তিনি বলেন, জবাবদিহিতার সংস্কৃতি থাকলে আওয়ামী লীগকে আজকের এই পরিস্থিতির মুখোমুখি হতে হতো না।
অনুষ্ঠানে মন্ত্রী সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচির কথাও তুলে ধরেন। তিনি জানান, কৃষকদের ঋণ মওকুফ, ফ্যামিলি কার্ড বিতরণ এবং আগামীকাল থেকে ইমাম-মোয়াজ্জিনদের ভাতা প্রদান শুরু হচ্ছে। এছাড়া বগুড়াবাসীর ন্যায়্য অধিকার পুনরুদ্ধারে তালিকা তৈরির কথাও জানান তিনি। তিনি প্রতিশ্রুতি দেন যে, তারেক রহমান যে বগুড়া প্রেসক্লাবের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন, তার হাতেই এর পূর্ণাঙ্গ ভবন নির্মিত হবে। অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বলেন, সাংবাদিকরা গত ১৭ বছর ধরে স্বৈরাচারের বিরুদ্ধে লড়াই করে আসছেন এবং তাদের এই অনুদান তাদের প্রাপ্য।

