ঈদের আগেই ধর্মীয় নেতাদের সম্মানীর উদ্বোধন, কে কত পাবেন
আগামীকাল শনিবার থেকে দেশের ধর্মীয় উপাসনালয়গুলোতে কর্মরত ইমাম, মুয়াজ্জিন, পুরোহিত ও অন্যান্য কর্মীদের মাসিক সম্মানি প্রদান কার্যক্রমের আনুষ্ঠানিক সূচনা হতে যাচ্ছে। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে সকাল ১০টায় এই পাইলট প্রকল্পের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আসন্ন ঈদুল ফিতরকে সামনে রেখে পরীক্ষামূলকভাবে এই তহবিল বিতরণ শুরু করছে সরকার।
প্রধানমন্ত্রীর জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপদেষ্টা জাবিউল্লাহ জানান, প্রাথমিক পর্যায়ে ৪ হাজার ৯০৮টি মসজিদ, ৯৯০টি মন্দির, ১৪৪টি বৌদ্ধবিহার ও ৩৯৬টি গির্জার কর্মীরা এই সুবিধা পাবেন। প্রতিটি মসজিদের জন্য মোট ১০ হাজার টাকা বরাদ্দ রাখা হয়েছে, যেখানে ইমাম পাবেন ৫ হাজার, মুয়াজ্জিন ৩ হাজার এবং খাদেম ২ হাজার টাকা। অন্যদিকে মন্দির, বিহার ও গির্জার প্রধান সেবায়েতরা পাবেন ৫ হাজার এবং সহকারীরা ৩ হাজার টাকা। এছাড়াও ধর্মীয় উৎসবের সময় ঈদে দুই ধাপে এক হাজার এবং অন্যান্য ধর্মের প্রধান উৎসবে দুই হাজার টাকা বোনাস দেওয়া হবে। তবে যেসব প্রতিষ্ঠান সরকার বা বিদেশি অনুদান পায়, তারা এই সুবিধার আওতামুক্ত থাকবে।
সরকারের পরিকল্পনা অনুযায়ী, চার ধাপে এই কর্মসূচি সারাদেশে বাস্তবায়ন করা হবে। চলতি অর্থবছরে এজন্য প্রায় ২৭ কোটি ১৩ লাখ টাকা বরাদ্দ প্রয়োজন হবে। আগামী ২০২৯-৩০ অর্থবছরে পূর্ণাঙ্গ বাস্তবায়ন হলে এই ব্যয় দাঁড়াবে প্রায় ৪ হাজার ৪০০ কোটি টাকা। আগামী বছরগুলোতে ধাপে ধাপে বরাদ্দ বৃদ্ধির মাধ্যমে দেশের সব ধর্মীয় প্রতিষ্ঠানকে এই কর্মসূচির আওতায় আনা হবে।

