জিয়া ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন স্পিকার হাফিজ ও ডেপুটি স্পিকার
ত্রয়োদশ জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ এবং ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল বীর মুক্তিযোদ্ধা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করেছেন। বুধবার সকালে রাজধানীর শেরেবাংলা নগরস্থ সমাধিসৌধে গিয়ে তারা এই শ্রদ্ধা নিবেদন করেন এবং মহান এই দুই নেতার আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করেন।
শ্রদ্ধা নিবেদন শেষে মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ গণমাধ্যমকর্মীদের বলেন, বাংলাদেশে গণতান্ত্রিক ধারা বারবার বাধাগ্রস্ত হলেও বর্তমানে একটি ঐতিহাসিক মুহূর্তের মধ্য দিয়ে আমরা অতিক্রম করছি। তিনি স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমানের নেতৃত্বে যুদ্ধ করে দেশ দখলমুক্ত করার কথা স্মরণ করেন এবং দেশনেত্রী খালেদা জিয়ার ত্যাগের ভূয়সী প্রশংসা করেন, যিনি সংসদীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় অনন্য ভূমিকা রেখেছেন।
স্পিকার আরও জানান, দেশের জনগণ সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিয়ে বিএনপিকে দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা দান করেছেন। সংসদে সরকার ও বিরোধী দলের মধ্যে সমান সুযোগ নিশ্চিত করতে তারা দলীয় পদ থেকে পদত্যাগ করে এই গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন। এ সময় জাতীয় সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং সার্জেন্ট অ্যাট আর্মসসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

