আদিবাসী স্বীকৃতি হলে পাহাড়ের দখল হারাবে বাংলাদেশ: তাজুল ইসলাম
ক্ষুদ্র নৃ-গোষ্ঠীকে আদিবাসী হিসেবে স্বীকৃতি দেওয়া হলে পার্বত্য চট্টগ্রামের ওপর রাষ্ট্রের সার্বভৌম অধিকার হারানোর আশঙ্কা রয়েছে বলে মন্তব্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট মুহাম্মদ তাজুল ইসলাম। মঙ্গলবার রাজধানীর গুলশানে আয়োজিত এক গোলটেবিল আলোচনায় তিনি বলেন, একটি বিশেষ মহল পরিকল্পিতভাবে এই অঞ্চলে ‘আদিবাসী’ শব্দটি প্রতিষ্ঠা করার চেষ্টা করছে, যা দেশের জন্য মারাত্মক ঝুঁকি তৈরি করছে।
তাজুল ইসলাম বলেন, ইতিহাস ঘাঁটলে দেখা যায় বাঙালিরা এই ভূখণ্ডে চার হাজার বছর ধরে বসবাস করছে, অন্যদিকে পাহাড়ি জনগোষ্ঠীর আগমন ঘটেছে মাত্র ৩০০ থেকে ৪০০ বছর আগে। এর পরেও তাদের আদিবাসী হিসেবে স্বীকৃতি দেওয়া ঐতিহাসিক সত্যের বিপরীত। তিনি আরও জানান, বাংলাদেশের এক-দশমাংশ ভূখণ্ড এই পার্বত্য অঞ্চলে অবস্থিত, যা ভৌগোলিক ও সামরিক দৃষ্টিকোণ থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি সতর্ক করে বলেন, জাতিসংঘের ম্যান্ডেট অনুযায়ী আদিবাসী মর্যাদা পেলে তারা ওই অঞ্চলের ভূমি ও সম্পদের ওপর স্বাধীন অধিকার দাবি করতে পারে, যা রাষ্ট্রের একতা ও সার্বভৌমত্বের জন্য হুমকি।
‘আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবিকে কেন্দ্র করে আন্দোলন জাতীয় সার্বভৌমত্বের জন্য হুমকি’ শীর্ষক এই আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। এছাড়াও অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন এবং সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম।

