রাসায়নিক দুর্যোগ মোকাবিলায় দক্ষ হলেন ৫৮ জন উদ্ধারকর্মী
রাসায়নিক দুর্যোগ ও দুর্ঘটনা মোকাবিলায় দেশের উদ্ধারকারী বাহিনীর দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে তিন দিনব্যাপী এক বিশেষ প্রশিক্ষণ কর্মসূচি সম্পন্ন হয়েছে। বাংলাদেশ ন্যাশনাল অথরিটি ফর কেমিক্যাল ওয়েপন্স কনভেনশন (বিএনএসিডব্লিউসি) আয়োজিত এই কর্মসূচিতে বিভিন্ন গুরুত্বপূর্ণ সংস্থার ৫৮ জন সদস্য অংশগ্রহণ করেন।
গত ৯ থেকে ১১ আগস্ট ‘বেসিক অ্যাসিসটেন্স অ্যান্ড প্রোটেকশন কোর্স ফর রেসপন্ডারস (বিএপিসিওআর-৩)’ শীর্ষক এই প্রশিক্ষণে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়, সশস্ত্র বাহিনী, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, বাংলাদেশ পুলিশ এবং আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা যোগ দেন। কোর্সে তাদের রাসায়নিক অস্ত্র সনাক্তকরণ, উদ্ধার সরঞ্জাম ব্যবহার, ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম (পিপিই) পরিধান এবং আক্রান্তদের চিকিৎসা সেবার ওপর ব্যবহারিক ও তাত্ত্বিক প্রশিক্ষণ প্রদান করা হয়। এছাড়া রাসায়নিক অস্ত্র কনভেনশন সম্পর্কিত দেশের আইন ও বিধিমালাও তুলে ধরা হয়।
মঙ্গলবার (১১ আগস্ট) প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনএসিডব্লিউসির সদস্য সচিব এবং সশস্ত্র বাহিনী বিভাগের অসামরিক ও সামরিক সংযোগ পরিদপ্তরের (সামসপ) মহাপরিচালক কমডোর মো. মনির উদ্দীন মল্লিক। অনুষ্ঠান শেষে প্রধান অতিথি প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করেন। এই প্রশিক্ষণ রাসায়নিক দুর্যোগে দক্ষতার সাথে জরুরি উদ্ধার তৎপরতা পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

