অভিবাসী রাষ্ট্রের সঙ্গে তুলনা অর্থহীন, মন্তব্য তথ্যমন্ত্রী জহির উদ্দিনের
তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, পশ্চিমা অভিবাসী রাষ্ট্রগুলোর ঐতিহাসিক বাস্তবতার সঙ্গে বাংলাদেশের কোনো মিল নেই। তাই দেশের জনমিতি বা জাতিসত্তা বোঝার জন্য অভিবাসীদের মনোজগৎ বা অভিজ্ঞতার চশমা ব্যবহার করা সমীচীন হবে না। মন্ত্রী মনে করেন, বাংলাদেশের ভাষা, সংস্কৃতি ও জাতিসত্তা হাজার বছরের ধারাবাহিকতায় গড়ে উঠেছে, যা কোনো বহিরাগত আগ্রাসনের ফসল নয়।
মঙ্গলবার (১১ আগস্ট) রাজধানীর একটি হোটেলে চিটাগাং হিল ট্র্যাক্ট রিসার্চ অ্যাসোসিয়েশন আয়োজিত ‘ইন্ডিজেনাস আইডেন্টিটি ইজ ইরিলেভ্যান্ট ফর বাংলাদেশ’ শীর্ষক গোলটেবিল বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
জহির উদ্দিন স্বপন বলেন, আমেরিকা, কানাডা বা অস্ট্রেলিয়ার মতো দেশগুলোতে ইউরোপীয় অভিবাসীরা আদিবাসীদের জমি দখল করে রাষ্ট্র গড়ে তুলেছে। সেখানে আদিবাসীদের উচ্ছেদ ও নির্যাতনের নৃশংস ইতিহাস রয়েছে। কিন্তু বাংলাদেশের মাটিতে সেই ইতিহাস কখনো ঘটেনি। এখানে নানা জনগোষ্ঠীর মিলনস্থলে একটি অভিন্ন জাতিয় পরিচয় তৈরি হয়েছে। তিনি সতর্ক করে দিয়ে বলেন, বিদেশি পরিভাষা বা আদিবাসী ইস্যু নিয়ে বাংলাদেশের প্রেক্ষাপটে এমন কোনো বয়ান দেওয়া যাবে না, যা ঐতিহাসিকভাবে সঠিক নয়।

