পদ্মা সেতু হয়ে ঢাকা-গোপালগঞ্জ রুটে নতুন ট্রেন অভিযাত্রী কমিউটার

প্রাইম বার্তা অনলাইন
১১ আগস্ট ২০২৬ ২:০৮ পিএম
পদ্মা সেতু হয়ে ঢাকা-গোপালগঞ্জ রুটে নতুন ট্রেন অভিযাত্রী কমিউটার

পদ্মা সেতুর ওপর দিয়ে দেশের দক্ষিণাঞ্চলের সাথে রাজধানীর রেল যোগাযোগ ব্যবস্থা আরও সহজ ও আধুনিক হলো। গতকাল সোমবার বিকেলে ঢাকা রেলওয়ে স্টেশনে রেলমন্ত্রী শেখ রবিউল আলম ঢাকা-গোপালগঞ্জ-ঢাকা রুটে ‘অভিযাত্রী কমিউটার’ নামে একজোড়া নতুন ট্রেনের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন। এসময় রেল মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ, সচিব মো. ফাহিমুল ইসলাম এবং বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক মো. আফজাল হোসেনসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জানা গেছে, ১৩৫ নম্বর ‘অভিযাত্রী কমিউটার’ ট্রেনটি প্রতিদিন বিকেল সাড়ে ৩টায় ঢাকা থেকে ছেড়ে যাবে এবং সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে গোপালগঞ্জ পৌঁছাবে। অন্যদিকে, ১৩৬ নম্বর ট্রেনটি গোপালগঞ্জ থেকে সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে যাত্রা শুরু করে রাত ১০টা ২৫ মিনিটে ঢাকায় পৌঁছাবে। এই ট্রেনে মোট ৮টি কোচ রয়েছে, যেখানে ৬৩০টি আসনের ব্যবস্থা করা হয়েছে।

রেলপথ মন্ত্রণালয় জানিয়েছে, সীমিত সম্পদ থাকা সত্ত্বেও দায়িত্ব গ্রহণের ১৮০ দিনের মধ্যেই এই সেবা চালু করা সম্ভব হয়েছে। এই ট্রেন চালুর ফলে গোপালগঞ্জ ও আশপাশের এলাকার কর্মজীবী ও শিক্ষার্থীরা স্বল্প খরচে নিরাপদে ঢাকায় যাতায়াত করতে পারবেন। এছাড়া ওই অঞ্চলের কৃষিপণ্য ও শাকসবজি দ্রুত ঢাকায় আনা যাবে, যা স্থানীয় অর্থনীতিতে সমৃদ্ধি আনবে এবং রাজধানীর চাপ কমাতে সহায়ক ভূমিকা পালন করবে।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...