জুলাই গণঅভ্যুত্থান জাদুঘরে শিক্ষার্থীদের জন্য সাপ্তাহিক বিনামূল্যে প্রবেশ
সপ্তাহের একটি নির্দিষ্ট দিন শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে জুলাই গণঅভ্যুত্থান জাদুঘর উন্মুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। একইসাথে দেশের অন্যান্য জাদুঘরগুলোতেও শিক্ষার্থীদের প্রবেশের সুযোগ সৃষ্টির উদ্যোগ নেওয়া হয়েছে। মঙ্গলবার (১১ আগস্ট) সচিবালয়ে তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।
উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান জানান, স্কুলের উচ্চতর শ্রেণির শিক্ষার্থীরা সপ্তাহের একটি নির্দিষ্ট দিন এই জাদুঘর দেখার সুযোগ পাবেন। টিকিটের মূল্য প্রসঙ্গে তিনি স্পষ্ট করে বলেন, টিকিট ফ্রি অর্থাৎ কোনো খরচ ছাড়াই তারা প্রবেশ করতে পারবেন। এই সুবিধা কেবল সরকারি স্কুলের জন্য নয়; পর্যায়ক্রমে সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এর আওতাভুক্ত হবেন।
এছাড়াও জাতীয় জাদুঘর এবং রাজধানীর বাইরের জাদুঘরগুলোতেও সরকারি ব্যবস্থাপনায় শিক্ষার্থীদের নিয়ে যাওয়ার পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। এক্ষেত্রে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় এবং অন্যান্য মন্ত্রণালয়ের অধীনস্থ সব জাদুঘর অন্তর্ভুক্ত থাকবে। এর মাধ্যমে ছাত্র-ছাত্রীরা দেশের ইতিহাস ও ঐতিহ্য সম্পর্কে সরাসরি ধারণা অর্জন করতে পারবে।

