মা ও শিশুর পুষ্টিতে ধর্মীয় নেতাদের ভূমিকায় জোর দিচ্ছে ইসলামিক ফাউন্ডেশন

প্রাইম বার্তা অনলাইন
১১ আগস্ট ২০২৬ ১২:০২ পিএম
মা ও শিশুর পুষ্টিতে ধর্মীয় নেতাদের ভূমিকায় জোর দিচ্ছে ইসলামিক ফাউন্ডেশন

দেশের মা এবং শিশুদের স্বাস্থ্য ও পুষ্ঠি নিশ্চিত করতে ধর্মীয় নেতাদের আরও কার্যকরভাবে সম্পৃক্ত করার উদ্যোগ নিয়েছে ইসলামিক ফাউন্ডেশন। এ লক্ষ্যে সংস্থাটির পক্ষ থেকে ইউনিসেফের সহযোগিতায় এক অ্যাডভোকেসি সভার আয়োজন করা হয়েছে। মঙ্গলবার (১১ আগস্ট) সকালে রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে এই গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথির বক্তব্যে ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক মুফতি মুহাম্মদ মুহিব্বুল্লাহিল বাকী নদভী বলেন, সমাজের সাধারণ মানুষের কাছে ধর্মীয় নেতারা অত্যন্ত সম্মানিত ও গ্রহণযোগ্য। এ সুবাদে তারা কেবল ধর্মীয় বিষয় নয়, পারিবারিক এবং সামাজিক জীবনেও ইতিবাচক ভূমিকা রাখতে পারেন। মা ও শিশুর সুস্বাস্থ্য নিশ্চিত করা একটি মানবিক দায়িত্ব, যার জন্য ধর্মীয় নেতাদের সম্পৃক্ততা জরুরি। তিনি আরও বলেন, সুস্থ মা ও সুস্থ শিশুর মাধ্যমেই আগামী প্রজন্মকে সক্ষম ও মানবিক করে গড়ে তোলা সম্ভব।

বক্তারা সভায় উল্লেখ করেন, দেশের মসজিদ, মাদরাসা ও অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানের ইমাম, খতিব এবং ধর্মীয় নেতারা জুমার খুতবা ও ওয়াজ-মাহফিলের মাধ্যমে সাধারণ মানুষের কাছে মা ও শিশুর পুষ্টি এবং স্বাস্থ্য বিষয়ক তথ্য তুলে ধরতে পারেন। ২০২৫ সালের বাংলাদেশ মাল্টিপল ইন্ডিকেটর ক্লাস্টার সার্ভে ও বিভিন্ন গবেষণার তথ্য তুলে ধরে সভায় বলা হয়, গর্ভবতী মা, কিশোরী এবং তিন বছরের কম বয়সী শিশুদের মধ্যে পুষ্টিহীনতা এখনও একটি বড় চ্যালেঞ্জ। প্রচলিত ভুল ধারণা ও কুসংস্কারের কারণে অনেক সময় মা ও শিশুর স্বাস্থ্য ঝুঁকির মুখে পড়ে, যা রোধে সচেতনতা বৃদ্ধির বিকল্প নেই।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...