১৮০ দিনের কাজের মূল্যায়ন: জনগণের সামনে রিপোর্ট দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান
সরকারের প্রতিটি মন্ত্রণালয়ের কর্মকাণ্ড ও উন্নয়ন কর্মসূচির অগ্রগতি এখন খুবই খতিয়ান করা হচ্ছে। চলমান এই মূল্যায়ন শেষে আগামী ১৮০ দিন পূর্ণ হলে প্রধানমন্ত্রী তারেক রহমান নিজেই দেশবাসীর সামনে সরকারের সাফল্য, সীমাবদ্ধতা এবং ভবিষ্যৎ পরিকল্পনার ওপর বিস্তারিত তথ্য তুলে ধরবেন। গত মঙ্গলবার (১১ আগস্ট) সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।
সংবাদ সম্মেলনে জাহেদ উর রহমান জানান, বর্তমান সরকারের মেয়াদের প্রথম ১৮০ দিনে মন্ত্রণালয়গুলোর সার্বিক কার্যক্রম কেমন হয়েছে তা যাচাই-বাছাইয়ের কাজ শুরু হয়েছে। এ জন্য প্রধানমন্ত্রীর কার্যালয়ের উপদেষ্টা ও বিশেষ সহকারীদের নিয়ে একটি বিশেষ কমিটি গঠন করা হয়েছে। ওই কমিটির সদস্য হিসেবে তিনিও এ কাজে অংশ নিচ্ছেন। তিনি জানান, সূক্ষ্মভাবে প্রতিটি বিষয় যাচাই করে নির্দিষ্ট সময় শেষে প্রধানমন্ত্রী নিজেই জনগণের কাছে ফলাফল উপস্থাপন করবেন।
উপদেষ্টা বলেন, রেলপথ সম্প্রসারণে সরকার বিশেষ গুরুত্ব দিচ্ছে। ইতোমধ্যে ঢাকা-গোপালগঞ্জ-ঢাকা রুটে ‘অভিযাত্রিক কমিউটার’ নামের একজোড়া নতুন ট্রেন চালু করা হয়েছে। এছাড়া বাণিজ্য খাতে বড় সাফল্য এসেছে। দক্ষিণ কোরিয়ার সঙ্গে দীর্ঘ এক বছর আলোচনার পর ‘সমন্বিত অর্থনৈতিক অংশীদারত্ব চুক্তি’ (CEPA) সম্পন্ন হয়েছে। এর ফলে বাংলাদেশের আট হাজার ৪২৮টি পণ্য দক্ষিণ কোরিয়ার বাজারে শুল্কমুক্ত প্রবেশাধিকার পাবে। বিনিময়ে দক্ষিণ কোরিয়ার এক হাজার ৫৪টি পণ্য বাংলাদেশে একই সুবিধা ভোগ করবে।
পরিবেশ সুরক্ষায় পলিথিনের ব্যবহার কমাতে সাধারণ মানুষের সহযোগিতা চান তিনি। ডা. জাহেদ উর রহমান বলেন, পাটকল করপোরেশনের মাধ্যমে তৈরি নয় হাজার পাটের শপিং ব্যাগ টিসিবি ডিলারদের মাধ্যমে স্বল্পমূল্যে বিক্রি করা হচ্ছে। জরিমানা বা আইনি পদক্ষেপের পাশাপাশি জনসচেতনতাই এ ক্ষেত্রে মূল চাবিকাঠি বলে তিনি মনে করেন।

