মাদকের আস্তানায় পটিয়াবাসীর আগুন, আটক এক মাদককারবারি

প্রাইম বার্তা অনলাইন
৩১ জুলাই ২০২৬ ৬:১৪ পিএম
মাদকের আস্তানায় পটিয়াবাসীর আগুন, আটক এক মাদককারবারি

চট্টগ্রামের পটিয়ায় মাদক ব্যবসার বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে স্থানীয় বাসিন্দারা। মাদকের অত্যাচারে জর্জরিত হয়ে বৃহস্পতিবার দিবাগত রাতে তারা জিরি ইউনিয়নের নিশ্চিন্তাপুর মহিরাহিখাইন গ্রামের একটি আস্তানায় আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পুলিশ এক মাদক কারবারিকে আটক করেছে।

জানা গেছে, দীর্ঘদিন ধরে ওই এলাকায় মাদকের কারবার চলছিল, যার ফলে সাধারণ মানুষ চরম দুর্ভোগে পড়ে। এরই প্রতিবাদে সব রাজনৈতিক দলের নেতাকর্মী ও এলাকাবাসী ঐক্যবদ্ধ হয়ে মাদকের আস্তানাটি ধ্বংস করে এবং সেখানে অগ্নিসংযোগ করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এসে পুলিশ আটক করে মো. এস্কান্দর ওরফে এস্ক নামের একজনকে।

স্থানীয় বিএনপি নেতা ফোরকান ও ছাত্রদল নেতা লতিফ জানান, মাদকের বিরুদ্ধে তারা ঐক্যবদ্ধভাবে পদক্ষেপ নিয়েছেন। তারা এস্কান্দরকে পুলিশের হাতে তুলে দিয়েছেন এবং এই চক্রের মূল হোতা মাহমুদুল হককে দ্রুত গ্রেফতারের দাবি জানিয়েছেন। স্থানীয় বাসিন্দা মো. হালিম জানান, বারবার সতর্ক করা সত্ত্বেও মাদক ব্যবসা না বন্ধ হওয়ায় তারা বাধ্য হয়েই এ পদক্ষেপ নিয়েছেন।

পটিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) কামাল হোসেন জানান, আটক এস্কান্দর জিরি ইউনিয়নের মালিয়ারা এলাকার মোহাম্মদ সেকান্দরের ছেলে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...