বৃক্ষমেলায় গ্রামের আমেজ, সবুজের স্বপ্ন দেখাচ্ছেন রকিবুল
রাজধানীর আগারগাঁওয়ে চলমান জাতীয় বৃক্ষমেলা ২০২৬-এ এক অন্যরকম অভিজ্ঞতা অপেক্ষা করছে দর্শনার্থীদের জন্য। মেলার মধ্যেই গড়ে তোলা হয়েছে একটি ছোট সবুজ গ্রাম, যা দেখলে চোখের সামনে ভেসে উঠবে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী বাড়ির উঠান। কংক্রিটের এই শহরে ক্ষণিকের জন্য হলেও প্রকৃতির কোলে ফিরে যাওয়ার সুযোগ করে দিয়েছেন ‘গার্ডেনিং বাংলাদেশ’-এর প্রতিষ্ঠাতা রকিবুল আমিন।
রকিবুল আমিন বহুদিন ধরেই রাজধানীর অলিগলিতে সবুজের সমারোহ ছড়িয়ে দেওয়ার স্বপ্ন দেখেন। তার এই প্রচেষ্টার স্বীকৃতিস্বরূপ গত মাসে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় তাকে ‘বৃক্ষরোপণে জাতীয় পুরস্কার-২০২৫’ প্রদান করেছে। উদ্ভিদবিজ্ঞানের ছাত্র হিসেবে ঢাকায় এসে শহরের প্রকৃতি বৈষম্য তাকে বিচলিত করেছিল। তিনি বাসার ছাদ, বারান্দা কিংবা অফিসের কর্মব্যস্ত পরিবেশে ফুল ও গাছ লাগিয়ে শহরকে প্রাণবন্ত করার পথ বেছে নেন।
কুষ্টিয়ার এক সবুজ গ্রামে বেড়ে ওঠা রকিবুলের শৈশব কেটেছে গাছপালার মাঝে। পঞ্চম শ্রেণিতে পড়াকালীনই তিনি গোলাপের বাগান তৈরি করে সবাইকে চমকে দিয়েছিলেন। ২০০১ সালে ঢাকা কলেজে উদ্ভিদবিজ্ঞান বিভাগে পড়াশোনার সূত্রে তিনি শহরের দূষিত বাতাস ও উঁচু দালানের বেড়াজাল প্রত্যক্ষ করেন। তিনি জানান, শহরের মানুষ যখন চার দেয়ালের মধ্যে আবদ্ধ, তখন প্রকৃতির স্পর্শ তাদের জীবনে নতুন প্রাণ সঞ্চার করতে পারে। এই ভাবনা থেকেই তিনি নগরবাসীর স্বপ্নের সবুজ গ্রাম মেলায় উপহার দিলেন।

