জুলাই বীরদের মুক্তিযোদ্ধার সম্মানে দেখতে চান চসিক মেয়র

প্রাইম বার্তা অনলাইন
০২ আগস্ট ২০২৬ ৮:২৯ পিএম
জুলাই বীরদের মুক্তিযোদ্ধার সম্মানে দেখতে চান চসিক মেয়র

চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহত হওয়া ব্যক্তিদের প্রতি রাষ্ট্রের বিশেষ দায়িত্ব রয়েছে। তিনি বলেন, এই আন্দোলনে আত্মদানকারী ও আহতদের মহান মুক্তিযুদ্ধের বীরদের পর্যায়ে সম্মানিত আসনে দেখতে চান তিনি। রোববার (২ আগস্ট) কাজীর দেউরী সেনা কল্যাণ কনভেনশন সেন্টারে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান। ‘আমরা জুলাই যোদ্ধা’ আয়োজিত এই অনুষ্ঠানে শহীদ পরিবারের সদস্যদের সম্মাননা স্মারক প্রদান করা হয়।

মেয়র তার বক্তব্যে উল্লেখ করেন, এটি কোনো একক দলের আন্দোলন ছিল না; বরং ছাত্র, শ্রমিক, কৃষক, নারী ও সর্বস্তরের মানুষ এতে অংশ নিয়েছিল। স্বৈরাচারী আওয়ামী সরকারের বিরুদ্ধে গড়ে ওঠা এই ঐতিহাসিক আন্দোলনের ইতিহাস সংরক্ষণ এবং শহীদদের সম্মান রক্ষা করা জাতির নৈতিক দায়িত্ব। তিনি স্মরণ করেন, আন্দোলনকালে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে গুলিবিদ্ধদের চিকিৎসা দিতে গিয়ে চিকিৎসকরা যে সাহসী ভূমিকা পালন করেছেন তা প্রশংসনীয়।

ডা. শাহাদাত হোসেন বলেন, জুলাই আন্দোলনের কৃতিত্ব কোনো একক রাজনৈতিক দলের নয়; এটি ছিল সর্বস্তরের মানুষের ঐক্যবদ্ধ সংগ্রাম। নতুন বাংলাদেশ গড়তে সেই ঐক্য ধরে রাখতে হবে। একইসাথে কর্মসংস্থান, বিনিয়োগ বৃদ্ধি, মত প্রকাশের স্বাধীনতা ও অবাধ ভোটাধিকার নিশ্চিত করার ওপরও গুরুত্বারোপ করেন তিনি।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...