উবারের নতুন সাবস্ক্রিপশন: এবার গাড়িচালকদের ট্রিপে কোনো কমিশন নয়
দেশের চালকদের সুবিধার্থে নতুন উদ্যোগ নিয়েছে জনপ্রিয় রাইড-শেয়ারিং প্ল্যাটফর্ম উবার। রোববার (২ আগস্ট) এক প্রেস বিজ্ঞপ্তিতে প্রতিষ্ঠানটি জানায়, বাংলাদেশে গাড়িচালকদের জন্য হাইব্রিড সাবস্ক্রিপশন মডেল চালু করা হয়েছে। এতে চালকরা তাদের সুবিধামতো সময়ভিত্তিক অথবা আয়ভিত্তিক—যেকোনো একটি প্যাকেজ বেছে নিতে পারবেন।
এর আগে চলতি বছরের শুরুতে মোটরসাইকেল চালকদের জন্য এই সুবিধা চালু করা হয়েছিল। বাইকারদের মধ্যে ইতিবাচক সাড়া পাওয়ার পর এবার গাড়িচালকদের অন্তর্ভুক্ত করা হলো। উবার কর্তৃপক্ষ জানায়, স্থানীয় চালকদের চাহিদার প্রেক্ষিতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে, যাতে ফুল-টাইম ও পার্ট-টাইম সব ধরনের চালক নিজেদের পছন্দমতো প্ল্যাটফর্মটি ব্যবহার করতে পারেন।
এই হাইব্রিড সাবস্ক্রিপশনের আওতায় চালকদের জন্য সবচেয়ে বড় সুবিধা হলো প্রতিটি ট্রিপে শূন্য শতাংশ কমিশন। অর্থাৎ ট্রিপ থেকে যা আয় হবে, তার ওপর কোনো কমিশন কাটা হবে না; তবে চালককে নির্ধারিত সাবস্ক্রিপশন ফি পরিশোধ করতে হবে। প্রতিষ্ঠানটির ধারণা, এতে চালকরা বেশি সংখ্যক ট্রিপ সম্পন্ন করতে উৎসাহিত হবেন, ফলে যাত্রীদের জন্য গাড়ির প্রাপ্যতাও বাড়বে। এছাড়াও অ্যাপের মাধ্যমে জিপিএস ট্র্যাকিং, স্বচ্ছ ভাড়া নির্ধারণ এবং জরুরি সহায়তার মতো সুযোগ রয়েছে।
উবার বাংলাদেশের কান্ট্রি জেনারেল ম্যানেজার রেদোয়ান রেজভী জানান, চালকদের আয় ও স্বাধীনতা বাড়াতে এই পদ্ধতি কার্যকর ভূমিকা রাখবে। তার মতে, এটি নতুন চালকদের প্ল্যাটফর্মে আসা সহজ করবে এবং যাত্রীদের জন্য নিরাপদ ও নির্ভরযোগ্য সেবা নিশ্চিত করতেও সহায়তা করবে।

