বিজ্ঞাপন

আন্ডারওয়াটার রোবটে বিশ্বজয়, এমআইএসটিকে প্রধানমন্ত্রীর অভিনন্দন

প্রাইম বার্তা অনলাইন
০২ আগস্ট ২০২৬ ৭:০৯ পিএম
আন্ডারওয়াটার রোবটে বিশ্বজয়, এমআইএসটিকে প্রধানমন্ত্রীর অভিনন্দন

আন্ডারওয়াটার রোবটিক্স প্রতিযোগিতায় বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির (এমআইএসটি) শিক্ষার্থীরা। এই সাফল্যের জন্য তাদের অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার (২ আগস্ট) বিকেলে সচিবালয়স্থ প্রধানমন্ত্রীর কার্যালয়ে বিশ্বচ্যাম্পিয়ন দলের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন তিনি।

এ সময় শিক্ষার্থীরা তাদের উদ্ভাবিত আন্ডারওয়াটার রোবটটি প্রধানমন্ত্রীর সামনে প্রদর্শন করেন। রোবটটির নকশা, প্রযুক্তিগত সক্ষমতা এবং ব্যবহারিক দিক নিয়ে তিনি খুঁটিনাটি জানতে চান এবং শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করেন। আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করায় দলটির সদস্যদের ধন্যবাদ জানান সরকারপ্রধান।

বিজ্ঞাপন

প্রধানমন্ত্রী বলেন, তরুণ উদ্ভাবকরাই বাংলাদেশের ভবিষ্যৎ। তাদের গবেষণা, প্রযুক্তি উদ্ভাবন ও স্টার্টআপের মতো উদ্যোগে সরকার সবসময় পাশে থাকবে। তিনি সেমিকন্ডাক্টর, ওষুধশিল্প, আসবাবশিল্প ও প্রসাধনী শিল্পের মতো নতুন রপ্তানি খাত গড়ে তোলার ওপরও গুরুত্বারোপ করেন।

রোবটটির প্রযুক্তিগত আরও উন্নয়ন, বাণিজ্যিকীকরণ এবং আন্তর্জাতিক পর্যায়ে ভবিষ্যতে অংশগ্রহণের জন্য প্রয়োজনীয় সরকারি সহায়তার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ ধরনের উদ্ভাবন দেশের প্রযুক্তিগত সক্ষমতাকে নতুন উচ্চতায় নিয়ে যাবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

বিজ্ঞাপন
শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...