খালাসি পদে পোষ্যদের নিয়োগ দাবি, আদালতের রায় বাস্তবায়নে বাধা অভিযোগ
বাংলাদেশ রেলওয়ের খালাসি পদে নিয়মতান্ত্রিকভাবে পোষ্যদের নিয়োগের দাবি জানিয়েছে বাংলাদেশ রেলওয়ে পোষ্য সোসাইটি। রোববার (২ আগস্ট) চট্টগ্রাম প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংগঠনের নেতারা জানান, আদালতের রায় সত্ত্বেও একটি সিন্ডিকেট নিয়োগ বাণিজ্যের মাধ্যমে বাধা সৃষ্টি করছে।
লিখিত বক্তব্যে সংগঠনের সভাপতি মনিরুজ্জামান মনির জানান, ২০১০ সালে ৮৬৫ জন খালাসি পদের সার্কুলার হয়। এর পরিপ্রেক্ষিতে ২০১৫ সালে পরীক্ষা অনুষ্ঠিত হলেও দুর্নীতি ও অনিয়মের কারণে ফলাফল ঘোষণা দীর্ঘদিন ঝুলে থাকে। পরবর্তীতে ২০১৯ সালে ফল প্রকাশ করা হয়। এই নিয়োগে অধিকার বঞ্চিতদের পক্ষে আদালতের রায় হলেও একটি মহল অপপ্রচার চালিয়ে তা বাস্তবায়নে বাধা দিচ্ছে। তিনি বলেন, আদালত নির্দেশ দিয়েছেন যোগ্য আবেদনকারীদের পোষ্য কোটা সংরক্ষণ করে নিয়োগপত্র দিতে হবে।
সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, আদালতের নির্দেশনায় তিনটি মৌলিক বিষয় নিশ্চিত করা হয়েছে। যথা: পোষ্য কোটা সংরক্ষণ করতে হবে, যোগ্য আবেদনকারীদের নিয়োগপত্র দিতে হবে এবং শুধুমাত্র অন্য কোনো বৈধ কারণে অযোগ্য হলে নির্দিষ্ট পদ্ধতিতে বাতিল করা যাবে। এ সময় সংগঠনের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি দেলোয়ার হোসেন বাপ্পি, সদস্য সঞ্জয় কুমার, জামাল উদ্দিন এবং চট্টগ্রামের প্রচার সম্পাদক মো. শাকিলসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

