ঢাকার নৌপথ সচলের নির্দেশ, দূষণরোধে প্রধানমন্ত্রীর গুরুত্বারোপ

প্রাইম বার্তা অনলাইন
০২ আগস্ট ২০২৬ ৬:৫৮ পিএম
ঢাকার নৌপথ সচলের নির্দেশ, দূষণরোধে প্রধানমন্ত্রীর গুরুত্বারোপ

রাজধানীর যানজট নিরসন ও পরিবেশ সুরক্ষায় ঢাকার চারপাশের নৌপথগুলো সচল করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এর অংশ হিসেবে আগ্রহী বেসরকারি কোম্পানিগুলোর প্রস্তাব যাচাই করে তাদের ওয়াটার বাস পরিচালনার অনুমতি দেওয়ার পথও প্রশস্ত করা হয়েছে। একইসাথে নদী দূষণ রোধ, ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন এবং নাব্যতা ফেরাতে সংশ্লিষ্টদের কঠোর নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

রোববার (২ আগস্ট) সকাল সাড়ে ১০টায় সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে ঢাকার আশপাশের নৌপথ চালু বিষয়ক এক জরুরি সভা অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রীর সভাপতিত্বে এই সভায় যানজট কমানোর বিকল্প হিসেবে নৌপথের ওপর গুরুত্বারোপ করা হয়। এ সময় রাজধানীর নদীগুলোর সৌন্দর্য বাড়াতে নদীর পাড়ের ওয়াকওয়ের পাশে বিভিন্ন প্রজাতির গাছ লাগানোর নির্দেশও দেন তিনি।

সভায় নদীর পানি প্রবাহ স্বাভাবিক রাখা এবং দূষণ নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ গ্রহণের ওপর জোর দেওয়া হয়। নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম, পরিবেশ প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম এবং ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসকসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা এতে উপস্থিত ছিলেন। এই উদ্যোগ ঢাকার গণপরিবহন ব্যবস্থায় নতুন মাত্রা যোগ করবে বলে আশা করা হচ্ছে।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...