জুলাই গণঅভ্যুত্থান মুক্তিযুদ্ধের চেতনার বর্ধিত রূপ: তথ্যমন্ত্রী

প্রাইম বার্তা অনলাইন
০১ আগস্ট ২০২৬ ৬:২২ পিএম
জুলাই গণঅভ্যুত্থান মুক্তিযুদ্ধের চেতনার বর্ধিত রূপ: তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, গত জুলাই মাসের গণঅভ্যুত্থান কোনো পৃথক ঘটনা নয়, বরং এটি মহান মুক্তিযুদ্ধের চেতনারই ধারাবাহিক ও বর্ধিত প্রবাহ। তিনি বলেন, ১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধে যে গণতান্ত্রিক মূল্যবোধ ও ফ্যাসিবাদবিরোধী চেতনার জন্ম হয়েছিল, জুলাইয়ের এই আন্দোলন নতুন প্রজন্মের আত্মত্যাগের মাধ্যমে সেই চেতনাকেই পুনর্প্রতিষ্ঠিত করেছে। শনিবার রাজধানীর রাওয়া ক্লাব মিলনায়তনে জুলাই ২৪ শহীদ পরিবার অ্যাসোসিয়েশন ও নাগরিক কণ্ঠ ফোরাম আয়োজিত রিমেম্বারিং জুলাই ২০২৪ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী তার বক্তব্যে উল্লেখ করেন, স্বাধীন বাংলাদেশের ইতিহাসে যখনই ফ্যাসিবাদী শক্তি মাথাচাড়া দিয়ে উঠেছে, জনগণ মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে তার বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে। ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থান সেই প্রতিরোধেরই সর্বশেষ দৃষ্টান্ত। ইতিহাস বিকৃতকারীদের সম্বোধন করে তিনি বলেন, সাময়িকভাবে ইতিহাসকে বিকৃত করা গেলেও প্রকৃত সত্য শেষ পর্যন্ত বিজয়ী হয়। তিনি সতর্ক করে দিয়ে বলেন, যারা মুক্তিযুদ্ধের কৃতিত্বের দাবি দিয়ে একদলীয় শাসন ও বৈষম্য প্রতিষ্ঠার চেষ্টা করেছে, ইতিহাস তাদের প্রত্যাখ্যান করেছে। স্বাধীনতার পর মুক্তিযুদ্ধকে দলীয়করণ ও কোটা ব্যবসার মাধ্যমে যে রাজনৈতিক ব্যবহার করা হয়েছিল, জুলাইয়ের গণঅভ্যুত্থানকেও কেউ যেন স্বার্থে ব্যবহার করতে না পারে, সে বিষয়ে সবাইকে সজাগ থাকতে হবে।

জহির উদ্দিন স্বপন জানান, জুলাইয়ের অর্জনকে কোনোভাবেই খণ্ডিত বা বিকৃত হতে দেওয়া যাবে না। এই আন্দোলনে শহীদ ও আহতদের যথাযথ পুনর্বাসন রাষ্ট্রের নৈতিক দায়িত্ব। পাশাপাশি, তাদের আত্মত্যাগের আদর্শকে রাষ্ট্রীয় ও সামাজিক জীবনে প্রতিষ্ঠিত করাও সমান গুরুত্বপূর্ণ। তিনি সত্য ও ন্যায়ের পথে অটুট থাকার ওপর গুরুত্ব আরোপ করেন।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...