বিনিয়োগের লক্ষ্যে ঢাকায় আসছেন যুক্তরাষ্ট্রের ৪৫ শীর্ষ ব্যবসায়ী নেতা
বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধির লক্ষ্যে আগামী সপ্তাহের শেষের দিকে ঢাকা সফরে আসছেন যুক্তরাষ্ট্রের ২৫টি শীর্ষ প্রতিষ্ঠানের প্রায় ৪৫ জন নির্বাহী কর্মকর্তা। শনিবার (১ আগস্ট) এক সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন জানান, বাংলাদেশে মার্কিন বিনিয়োগের পথ সুগম করতে এই সফর ঐতিহাসিক গুরুত্ব বহন করে।
সফরকালে মার্কিন ব্যবসায়ী প্রতিনিধিরা সরকারের বিভিন্ন মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট দপ্তরের দায়িত্বশীল কর্মকর্তাদের সঙ্গে ধারাবাহিক বৈঠকে অংশ নেবেন। এছাড়া প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গেও তাদের একটি উচ্চ পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হবে বলে জানা গেছে। মাহদী আমিন জানান, দেশে স্থিতিশীলতা ও গণতান্ত্রিক ধারার অব্যাহত থাকায় আন্তর্জাতিক বিনিয়োগকারীদের আগ্রহ বাড়ছে।
এর আগে শনিবার সকালে যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক বিশেষ দূত সার্জিও গর প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। ওই সাক্ষাতে মার্কিন প্রতিনিধিরা প্রধানমন্ত্রীর নেতৃত্বের প্রতি সন্তুষ্টি ও সমর্থন প্রকাশ করেছেন। দুই দেশের মধ্যে অর্থনৈতিক কূটনীতি জোরদার করতে বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধি, কর্মসংস্থান এবং নীতিগত সহযোগিতার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে।

