মহাখালীর যানজট কমাতে পুলিশের তৎপরতায় পূর্বাচল ডিপোতে বাস সরানো হচ্ছে

প্রাইম বার্তা অনলাইন
২৯ জুলাই ২০২৬ ৯:১০ পিএম
মহাখালীর যানজট কমাতে পুলিশের তৎপরতায় পূর্বাচল ডিপোতে বাস সরানো হচ্ছে

রাজধানীর মহাখালী বাস টার্মিনালের সামনে তীব্র যানজট সৃষ্টির কারণে পূর্বাচলের তিন নম্বর সেক্টরে নির্মিত অস্থায়ী ডিপোতে বাস স্থানান্তরের কাজ জোরদার করেছে ট্রাফিক পুলিশ। ডিপোটি উদ্বোধনের দুই সপ্তাহ পার হলেও পরিবহন মালিকদের স্বেচ্ছায় সেখানে না যাওয়ায় বাধ্য হয়ে এই পদক্ষেপ নিতে হয়েছে। মঙ্গলবার ট্রাফিক পুলিশের সার্জেন্ট আনিসুর রহমান সামাজিক যোগাযোগমাধ্যমে জানান, মহাখালী টার্মিনালের সামনের সড়কে বাস পার্কিং করলে যানজট তৈরি হয়। এ কারণে প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী বাসগুলোকে পূর্বাচল ডিপোতে সারিবদ্ধভাবে রাখা হচ্ছে।

ডিপো-সংশ্লিষ্টরা জানিয়েছেন, বর্তমানে যেসব বাস ডিপোতে আছে তারা অধিকাংশই পুলিশের নির্দেশনা মেনেই সেখানে গেছে। পরিবহন মালিকদের দাবি, পূর্বাচল ডিপোতে এখনও চালক ও স্টাফদের বিশ্রাম, খাবার এবং গাড়ি মেরামতের মতো প্রয়োজনীয় সুযোগ-সুবিধা পুরোপুরি গড়ে ওঠেনি। এসব সুবিধা নিশ্চিত না হওয়া পর্যন্ত তারা ডিপো ব্যবহার করতে আগ্রহী নয়। তবে দীর্ঘদিন মহাখালী টার্মিনালে অলসভাবে পড়ে থাকা কয়েকটি বাস ইতিমধ্যেই পূর্বাচলে সরানো হয়েছে।

বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির যুগ্ম-সাধারণ সম্পাদক কাজী জোবায়ের মাসুদ জানান, মহাখালীর টার্মিনালের অলস বাসগুলো সরিয়ে নিতে ট্রাফিক পুলিশকে সহায়তা করছে তারা। আগে প্রতিটি বাস মালিককে নিয়ে বৈঠক করা হয়েছে এবং চিঠি দেওয়া হয়েছে। এর ফলে আজ অনেক বাস পূর্বাচল ডিপোতে যাচ্ছে। ১৯৮৪ সালে স্থাপিত মহাখালী আন্তঃজেলা বাস টার্মিনালের ধারণক্ষমতা মাত্র ২০০টি, কিন্তু তার বাইরেও শতাধিক বাস টার্মিনালের বাইরে রাস্তায় পার্কিং করার কারণে এলাকায় তীব্র যানজট সৃষ্টি হয়।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...