সন্ত্রাসীদের একে একে ধরছে পুলিশ, ভাঙছে সাজ্জাদ-ইমন-রায়হান গ্রুপ
শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন গ্রেফতারের পর চট্টগ্রামে সন্ত্রাসী দমনে বড় ধরনের সাফল্য এসেছে। চট্টগ্রাম রেঞ্জ পুলিশ জানিয়েছে, সাজ্জাদ, ইমন ও রায়হান বাহিনীর সম্পূর্ণ নেটওয়ার্ক ধ্বংস করতে সমন্বিত অভিযান চলছে। বুধবার (২৯ জুলাই) বিকেলে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে চট্টগ্রাম রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (অ্যাডমিন অ্যান্ড ফিন্যান্স) মো. নাজিমুল হক এসব তথ্য জানান।
ডেভিড ইমনকে গ্রেফতারের পেছনের ঘটনা তুলে ধরে পুলিশ কর্মকর্তা জানান, দীর্ঘদিন ধরে গোয়েন্দা নজরদারির ভিত্তিতে তাকে যশোর থেকে গ্রেফতার করা হয়। প্রাথমিকভাবে তার অবস্থান ঢাকায় ধরা পড়লেও পরে তিনি যশোরের ঝিকরগাছায় চলে যান। ধারণা করা হচ্ছে, তিনি সীমান্ত পাড় ই দিয়ে ভারতে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন।
চট্টগ্রাম বিভাগের পাহাড়ি ও জঙ্গল এলাকাগুলোকে এখন কঠোর নজরদারির আওতায় আনা হয়েছে। জঙ্গল সলিমপুর এবং রাউজান-রাঙ্গুনিয়া-ফটিকছড়ির পাহাড়ি অঞ্চলগুলো দীর্ঘদিন ধরে সন্ত্রাসীদের অস্ত্র মজুদ ও আত্মগোপনের জন্য ব্যবহৃত হচ্ছিল। গত দুই মাসে ধামাই ইলিয়াসসহ একাধিক সন্ত্রাসীকে অস্ত্রসহ গ্রেফতার করেছে জেলা ও মহানগর পুলিশ।
সন্ত্রাস দমনে দীর্ঘমেয়াদি পরিকল্পনার অংশ হিসেবে প্রযুক্তির ব্যবহার বাড়ানো হচ্ছে। রাউজান, রাঙ্গুনিয়া ও ফটিকছড়িতে ফেস ডিটেকশন প্রযুক্তির সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হবে। এছাড়া এপিবিএনের চারটি ক্যাম্প নির্মাণ এবং গুরুত্বপূর্ণ স্থানে স্থায়ী চেকপোস্ট ও রোড ব্লক স্থাপনের উদ্যোগ নেয়া হয়েছে।

