বাজারের ৭০% বিদেশিদের দখলে, ইউএস-বাংলার ১.৫ বিলিয়ন ডলারের বড় বিনিয়োগ
বুধবার রাজধানীর হোটেল শেরাটনে এক অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে ইউএস-বাংলা এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন বাংলাদেশের বিমান চলাচল খাতের এক উদ্বেগজনক চিত্র তুলে ধরেছেন। তিনি জানান, বিশ্বের অন্যতম দ্রুত বর্ধনশীল বিমান বাজার হওয়া সত্ত্বেও বাংলাদেশি এয়ারলাইন্সগুলো আন্তর্জাতিক যাত্রীবাজারের মাত্র ৩০ শতাংশেরও কম সেবা দিতে পারছে। এর বিপরীতে বিদেশি এয়ারলাইন্সগুলো বাংলাদেশ থেকে বছরে প্রায় ৪.৫ বিলিয়ন ডলার (প্রায় ৫৫ হাজার ৫৭৫ কোটি টাকা) আয় করছে।
এই পরিস্থিতির মোকাবিলায় বাংলাদেশের বেসরকারি বিমান পরিবহন খাতে বৃহত্তম বহর সম্প্রসারণের ঘোষণা দিয়েছে ইউএস-বাংলা। প্রায় ১.৫ বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগে লিজ পদ্ধতিতে ২১টি নতুন বোয়িং উড়োজাহাজ যুক্ত করার পরিকল্পনা নিয়েছে প্রতিষ্ঠানটি। ২০২৭ সালের মধ্যে ধাপে ধাপে ১৫টি অত্যাধুনিক বোয়িং ৭৩৭-৮ এবং ৬টি বোয়িং ৭৩৭-৮০০ মডেলের উড়োজাহাজ বহরে যুক্ত হবে।
মামুন জানান, ইউরোপ, ওশেনিয়া ও উত্তর আমেরিকার প্রধান গন্তব্যগুলোর সঙ্গে বাংলাদেশকে সরাসরি সংযুক্ত করতে অতিরিক্ত ওয়াইডবডি উড়োজাহাজ বহরে যুক্ত করার প্রস্তুতি নিচ্ছে তারা। এর মাধ্যমে ইউএস-বাংলা আন্তর্জাতিক প্রবৃদ্ধির পরবর্তী ধাপে প্রবেশ করবে। জনবল উন্নয়নেও গুরুত্ব দিচ্ছে প্রতিষ্ঠানটি। নিজস্ব অর্থায়নে ২০০ জন মেধাবী তরুণকে দক্ষ পাইলট এবং ১০০ জনকে প্রত্যয়িত বিমান প্রকৌশলী হিসেবে গড়ে তুলতে সম্পূর্ণ স্পন্সরশিপের মাধ্যমে প্রশিক্ষণ কর্মসূচি চালু করেছে ইউএস-বাংলা।

