বহরে আসছে ২১ বোয়িং, অ্যাভিয়েশন খাতে নতুন দিগন্ত

প্রাইম বার্তা অনলাইন
২৯ জুলাই ২০২৬ ৬:২০ পিএম
বহরে আসছে ২১ বোয়িং, অ্যাভিয়েশন খাতে নতুন দিগন্ত

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত জানিয়েছেন, রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল পূর্ণাঙ্গরূপে চালু হলে বছরে প্রায় আড়াই কোটি যাত্রীকে সেবা দেওয়া সম্ভব হবে। এই ক্রমবর্ধমান যাত্রী চাহিদা মেটাতে ইউএস-বাংলা এয়ারলাইন্সের বহরে ২১টি নতুন বোয়িং উড়োজাহাজ যুক্ত হওয়াকে একটি যুগান্তকারী পদক্ষেপ বলে উল্লেখ করেন তিনি।

বুধবার (২৯ জুলাই) বনানীর হোটেল শেরাটনে ইউএস-বাংলা আয়োজিত ‘বিয়ন্ড দ্য বোয়িং’ অনুষ্ঠানে প্রতিমন্ত্রী আরও বলেন, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সও শিগগিরই ১৪টি নতুন বোয়িং উড়োজাহাজ তাদের বহরে অন্তর্ভুক্ত করবে। এই উদ্যোগ দেশের অ্যাভিয়েশন খাতকে আরও সুদৃঢ় করবে এবং যাত্রীদের সেবার মানোন্নত করবে। অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন, বোয়িং কোম্পানির ভাইস প্রেসিডেন্ট পল রিগিহ এবং বেবিচক চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মোস্তফা মাহমুদ সিদ্দিক উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে ইউএস-বাংলা কর্তৃপক্ষ জানায়, প্রায় দেড় বিলিয়ন ডলার বিনিয়োগের মাধ্যমে ২১টি নতুন বোয়িং উড়োজাহাজ লিজ করা হচ্ছে, যার মধ্যে ১৫টি বোয়িং ৭৩৭-৮ এবং ৬টি বোয়িং ৭৩৭-৮০০ মডেলের উড়োজাহাজ রয়েছে। আগামী ২০২৭ সালের মধ্যে এই উড়োজাহাজগুলো ধাপে ধাপে বহরে যুক্ত হবে। সরকার বাংলাদেশকে আঞ্চলিক অ্যাভিয়েশন হাব হিসেবে গড়ে তুলতে একটি মাস্টার প্ল্যান প্রণয়ন করছে এবং ভবিষ্যতের চাহিদার জন্য বগুড়ায় একটি পাইলট ট্রেনিং একাডেমি স্থাপনের উদ্যোগ নিয়েছে।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...