গুম প্রতিরোধ আইনের খসড়ায় মতামতের একদিন সময়, প্রহসন বলছে টিআইবি

প্রাইম বার্তা অনলাইন
২৯ জুলাই ২০২৬ ৮:২০ পিএম
গুম প্রতিরোধ আইনের খসড়ায় মতামতের একদিন সময়, প্রহসন বলছে টিআইবি

গুম প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৬ এর খসড়ায় জনমত গ্রহণের জন্য মাত্র একদিন সময় বেঁধে দেওয়ার সমালোচনা করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। বুধবার (২৯ জুলাই) এক বিবৃতিতে সংস্থাটি বলে, স্বরাষ্ট্র মন্ত্রণালয় ২৭ জুলাই খসড়াটি ওয়েবসাইটে আপলোড করে ২৮ জুলাইয়ের মধ্যে মতামত চেয়েছে, যা একটি গুরুত্বপূর্ণ আইনের ক্ষেত্রে সরকারের সদিচ্ছার অভাব তুলে ধরে। টিআইবি একে প্রহসনমূলক আখ্যা দিয়ে মতামতের সময়সীমা কমপক্ষে দুই সপ্তাহ বাড়ানোর দাবি জানিয়েছে।

খসড়া আইনে গুমকে স্বতন্ত্র অপরাধ হিসেবে স্বীকৃতি ও ঊর্ধ্বতন কর্মকর্তাদের জবাবদিহিতার আওতায় আনার বিধানকে স্বাগত জানিয়েছে টিআইবি। তবে গুমের তদন্তের দায়িত্ব জাতীয় মানবাধিকার কমিশনের মতো স্বাধীন কোনো প্রতিষ্ঠানের পরিবর্তে এককভাবে পুলিশের ওপর অর্পণ করায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন সংস্থাটির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান। তিনি বলেন, অতীতে গুমের ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের জড়িত থাকার অভিযোগ থাকায় পুলিশ দিয়েই এর সুষ্ঠু তদন্ত আশাব্যঞ্জক নয়।

টিআইবি নির্বাহী পরিচালক প্রশ্ন রেখেছেন, যে সরকারের নেতাকর্মীরা অতীতে গুম ও হত্যার শিকার হয়েছেন, তারা কীভাবে তদন্তের দায়িত্ব পুলিশের ওপর বর্তিয়ে এই আইনের খসড়া করতে পারেন। তিনি আরও বলেন, সম্প্রতি ‘ইনভেস্ট বাংলাদেশ আইন’ পাসের সময় সংসদীয় বিধি লঙ্ঘনের ঘটনা টিআইবিকে শঙ্কিত করেছে যে, নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা ব্যবহার করে এই খসড়াটিও তড়িঘড়ি পাস করানোর চেষ্টা হতে পারে।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...