আদালতের নির্দেশে কারামুক্তির পথে শীর্ষ সন্ত্রাসী টেম্পু ইসমাইল

প্রাইম বার্তা অনলাইন
২৯ জুলাই ২০২৬ ১:০৭ এএম
আদালতের নির্দেশে কারামুক্তির পথে শীর্ষ সন্ত্রাসী টেম্পু ইসমাইল

চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী হিসেবে পরিচিত ইসমাইল হোসেন ওরফে টেম্পু ইসমাইলের জামিনে মুক্তির আইনি প্রক্রিয়া শুরু হয়েছে। চট্টগ্রাম মহানগর ম্যাজিস্ট্রেট-৪ এর আদালত তার বিরুদ্ধে দাখিল করা ‘শোন অ্যারেস্ট’ প্রত্যাহার করে হাইকোর্টের আদেশ বাস্তবায়নের মাধ্যমে তার কারামুক্তির নির্দেশ প্রদান করেছেন।

আদালত সূত্রে জানা যায়, গত ৮ জুলাই বিচারপতি রাজিক-আল-জলিল ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রিট পিটিশন নং-৭৯৪৮/২০২৬-এর ভিত্তিতে ইসমাইলকে গ্রেফতার দেখানো যাবে না এবং তাকে হয়রানি করা যাবে না মর্মে নির্দেশ দিয়েছিলেন। কিন্তু ওই আদেশের পরেও তাকে একটি মামলায় শোন অ্যারেস্ট দেখানো হয়, যা আদালত অবমাননার শামিল বলে আবেদনে উল্লেখ করা হয়। এর পরিপ্রেক্ষিতে আদালত আবেদনটি মঞ্জুর করে মুক্তির আদেশ দেন।

পুলিশ রেকর্ড অনুযায়ী, টেম্পু ইসমাইলের বিরুদ্ধে খুন, ডাকাতি, অপহরণ এবং মাদক আইনে ৩০টিরও বেশি মামলা বিচারাধীন রয়েছে। চট্টগ্রাম ও কুমিল্লা অঞ্চলে দীর্ঘদিন ধরে চাঁদাবাজি ও সংঘবদ্ধ মাদক ব্যবসার সাথে তিনি জড়িত বলে আইনশৃঙ্খলা বাহিনী দাবি করে। ২০১৪ সালে চান্দগাঁও থানা পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে তিনি পায়ে গুলিবিদ্ধ হয়েছিলেন এবং এর আগেও তিনি জামিনে বের হয়ে অপরাধ জগতে ফিরে আসেন বলে অভিযোগ রয়েছে।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...