শিক্ষাভবনে ধরা পড়লেন ভুয়া বিসিএস ক্যাডার, জব্দ হলো অসংখ্য ডিও লেটার

প্রাইম বার্তা অনলাইন
২৭ জুলাই ২০২৬ ৭:২২ পিএম
শিক্ষাভবনে ধরা পড়লেন ভুয়া বিসিএস ক্যাডার, জব্দ হলো অসংখ্য ডিও লেটার

রাজধানীর শিক্ষাভবনে বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডার পরিচয় দিয়ে তদবির করতে এসে পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছেন এক প্রতারক। সোমবার দুপুরে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) সচেতন কর্মকর্তারা তাকে আটক করে পুলিশে সোপর্দ করেন। তার কাছ থেকে ৩৬তম বিসিএসের ভুয়া আইডি কার্ড এবং বিপুলসংখ্যক ভুয়া ডিও (ডেমান্ড অর্ডার) লেটার উদ্ধার করা হয়েছে।

আটক ব্যক্তির নাম মো. মুহিবুল্লাহ। তার জাতীয় পরিচয়পত্র (এনআইডি) থেকে জানা যায়, তিনি পটুয়াখালীর বাউফল উপজেলার নওমালা ইউনিয়নের বাসিন্দা। সোমবার (২৭ জুলাই) দুপুরে শিক্ষাভবনে তার সন্দেহজনক গতিবিধি লক্ষ্য করেন সেখানকার দায়িত্বরত কর্মকর্তারা। তার ব্যাগ তল্লাশি করলেই বেরিয়ে আসে তার প্রকৃত পরিচয়।

মাউশির কর্মকর্তাদের অভিযোগ, মুহিবুল্লাহ নিজেকে ৩৬তম বিসিএসের শিক্ষা ক্যাডারের কর্মকর্তা হিসেবে পরিচয় দিচ্ছিলেন। তবে তার আচরণ ছিল সন্দেহজনক। এ কারণে তার ব্যাগ তল্লাশি করা হলে সেখানে একাধিক ভুয়া ডিও লেটার এবং একটি ভুয়া আইডি কার্ড পাওয়া যায়। পরে খবর পেয়ে পুলিশ এসে তাকে থানায় নিয়ে যায়।

বর্তমানে তাকে আইনি প্রক্রিয়ার মাধ্যমে থানায় পাঠানো হয়েছে। পরবর্তীতে বিধি অনুযায়ী তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানা গেছে।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...