সরকারি কর্মকর্তার নামে ফেক আইডি খুলে প্রতারণা, সতর্ণ করলো পুলিশ
সামাজিক যোগাযোগ মাধ্যমে সরকারি কর্মকর্তাদের পরিচয় ব্যবহার করে প্রতারণার ঘটনা বৃদ্ধি পেয়েছে। এমন পরিস্থিতিতে সাধারণ মানুষকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে পুলিশ সদর দপ্তর। গত মঙ্গলবার (২৮ জুলাই) পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) এ এইচ এম শাহাদাত হোসাইন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, একটি প্রতারক চক্র পুলিশ ও সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তাদের ছবি ও নাম ব্যবহার করে ফেক আইডি খুলছে। এসব আইডি থেকে তারা বিভিন্ন ব্যক্তির সঙ্গে যোগাযোগ করে অর্থ দাবি করছে এবং প্রভাব খাটিয়ে বিভিন্ন ধরনের তদবির করছে। এতে করে সাধারণ মানুষের আর্থিক ক্ষতির পাশাপাশি সরকারি প্রতিষ্ঠান ও কর্মকর্তাদের সুনাম নষ্ট হচ্ছে।
পুলিশ জানিয়েছে, সোশ্যাল মিডিয়ায় কোনো কর্মকর্তার ছবি থাকলেই ওই আইডিটি তার নিজের নয় এমন সন্দেহ পোষণ করা জরুরি। অপরিচিত কোনো আইডি থেকে অর্থ বা তদবিরের অনুরোধ করলে তাতে সাড়া না দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। এ ধরনের প্রতারণার শিকার হলে জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে অথবা সাইবার পুলিশ সেন্টার, সিআইডি ও ডিবি অফিসে যোগাযোগ করার অনুরোধ জানিয়েছেন সংশ্লিষ্টরা।
এ বিষয়ে প্রতারক চক্রের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে পুলিশ বদ্ধপরিকর। যে কেউ এমন অপরাধের সাথে জড়িত থাকলে তাকে আইনের আওতায় আনা হবে বলে হুঁশিয়ারি দিয়েছে পুলিশ সদর দপ্তর।

