শিশু মৃত্যু রোধে টেকসই অর্থায়নের ওপর গুরুত্বারোপ বিশেষজ্ঞদের

প্রাইম বার্তা অনলাইন
২০ জুলাই ২০২৬ ১২:২২ এএম
শিশু মৃত্যু রোধে টেকসই অর্থায়নের ওপর গুরুত্বারোপ বিশেষজ্ঞদের

রাজধানীর ডেইলি স্টার সেন্টারে রোববার (১৯ জুলাই) ‘পানিতে ডুবে শিশু মৃত্যু প্রতিরোধ ও শিশু সুরক্ষায় টেকসই অর্থায়ন’ শীর্ষক এক অংশীজন সংলাপে বক্তারা বলেছেন, এই মৃত্যুগুলো প্রতিরোধযোগ্য হলেও দীর্ঘমেয়াদি অর্থায়নের অভাবে প্রতিরোধ কর্মসূচি বাধাগ্রস্ত হচ্ছে। সমষ্টি মিডিয়া কমিউনিকেশন অ্যান্ড ডেভেলপমেন্ট ফাউন্ডেশন এবং যুক্তরাষ্ট্রভিত্তিক গ্লোবাল হেলথ অ্যাডভোকেসি ইনকিউবেটর আয়োজিত এই আলোচনা সভায় সরকারি-বেসরকারি সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করা হয়।

সমষ্টির নির্বাহী পরিচালক মীর মাসরুরুজ্জামান উদ্বেগ প্রকাশ করে বলেন, বাংলাদেশে প্রতিদিন গড়ে ৪০টি শিশুর প্রাণ কাড়ে পানি। এসব দুর্ঘটনার অধিকাংশই ঘটে থাকে সকাল ৯টা থেকে দুপুর ২টার মধ্যে, যা সঠিক তত্ত্বাবধানের অভাবকেই ইঙ্গিত করে। সংস্থাটির গবেষণা ও যোগাযোগ পরিচালক রেজাউল হক জানান, বছরে ১৮ হাজারের বেশি মানুষ পানিতে ডুবে মারা যাচ্ছেন। জাতীয় লক্ষ্যমাত্রা অনুযায়ী ২০৩০ সালের মধ্যে এই মৃত্যুর হার ৫০ শতাংশ কমাতে হলে নির্দিষ্ট বাজেট ও আইসিবিসি প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের অনুমোদন জরুরি।

এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. কাজী মারুফুল ইসলাম একে সামাজিক সেবা হিসেবে দাঁড় করানোর পক্ষে মত প্রকাশ করেন। অর্থ মন্ত্রণালয়ের উপসচিব জামিরা শবনম ঝুঁকিপূর্ণ এলাকায় বিশেষ গুরুত্ব দেওয়ার ওপর জোর দেন। আলোচনায় গণমাধ্যম ও বেসরকারি খাতের প্রতিনিধিরা সচেতনতা বৃদ্ধি ও কর্পোরেট সামাজিক দায়বদ্ধতার (সিএসআর) মাধ্যমে এ কার্যক্রমে আরও সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...