শিশু আনিফার জটিল রোগের চিকিৎসায় পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী তারেক রহমান
জন্মগত জটিল রোগে আক্রান্ত দুই বছর বয়সী শিশু আনিফা আক্তারের চিকিৎসার সম্পূর্ণ দায়িত্ব গ্রহণ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আর্থিক সংকটের কারণে শিশুটির পরিবার যাতে চিকিৎসা অব্যাহত রাখতে পারে, সে বিষয় নিশ্চিত করতে তিনি তার অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনকে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেছেন। ডেপুটি প্রেস সেক্রেটারি জাহিদুল ইসলাম রনি বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রধানমন্ত্রীর নির্দেশক্রমে গত সোমবার (২০ জুলাই) জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে অবস্থিত শিশুটিকে দেখতে যায় একটি প্রতিনিধি দল। প্রধানমন্ত্রীর কার্যালয়ের চিকিৎসক ডা. শাহ মোহাম্মদ আমানুল্লাহ আমানের পরিকল্পনায় এবং ‘আমরা বিএনপি পরিবার’র সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুনের নেতৃত্বে ওই দলটি বিশেষজ্ঞ চিকিৎসকদের সাথে কথা বলেন ও চিকিৎসা সমন্বয়ের উদ্যোগ গ্রহণ করেন। এ সময় শিশুটির পরিবারকে সরকারের সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেওয়া হয়।
হাসপাতালের শিশু কার্ডিওলজি বিভাগের প্রধান ডা. জাহিদুল ইসলামের নেতৃত্বে গঠিত পাঁচ সদস্যের মেডিকেল বোর্ড আনিফার শারীরিক অবস্থা ও পরীক্ষার ফলাফল পর্যালোচনা করেছেন। বিশেষজ্ঞরা জানিয়েছেন, শিশুটির রোগ অত্যন্ত জটিল ও সংকটাপন্ন। তাই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, চীন থেকে আসা বিশেষজ্ঞ মেডিকেল টিমের সাথে দেশীয় চিকিৎসকদের যৌথ পরামর্শের ভিত্তিতে পরবর্তী চিকিৎসা পরিকল্পনা চূড়ান্ত করা হবে। প্রয়োজন হলে উন্নত চিকিৎসার জন্য তাকে বিদেশে পাঠানো হবে।

