প্রাথমিক স্তর থেকেই দক্ষ নেতৃত্ব গড়ার আহ্বান ববি হাজ্জাজের
দেশের টেকসই উন্নয়ন নিশ্চিত করতে হলে প্রাথমিক স্তর থেকেই দক্ষ ও মানবিক নেতৃত্ব তৈরির ওপর গুরুত্ব আরোপ করেছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। তিনি বলেন, শিক্ষা ও প্রশিক্ষণ ব্যবস্থাকে একই সূত্রে আবদ্ধ করে দক্ষ জনশক্তি গড়ে তোলা এখন সময়ের দাবি। গত ১৮ জুলাই রাজধানীর একটি হোটেলে ট্রেইনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ট্যাব) আয়োজিত আন্তর্জাতিক ট্রেইনার্স কনফারেন্সে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
‘দক্ষতাই আসল’ প্রতিপাদ্যের এই সম্মেলনে দেশ-বিদেশের বরেণ্য শিক্ষাবিদ, কর্পোরেট লিডার ও পাঁচ শতাধিক বিশেষজ্ঞ ট্রেইনার অংশ নেন। সংগঠনের সভাপতি ড. কেএম হাসান রিপন বলেন, বর্তমান প্রতিযোগিতাপূর্ণ বিশ্বে একাডেমিক সনদের চেয়ে বাস্তবমুখী দক্ষতা অধিক গুরুত্বপূর্ণ। শিল্পখাতের বিদ্যমান দক্ষতার ঘাটতি পূরণ না করলে বৈশ্বিক বাজারে পিছিয়ে পড়ার ঝুঁকি রয়েছে।
অনুষ্ঠানে মালয়েশিয়ার আদলে ‘এইচআরডি কর্পোরেশন বাংলাদেশ’ গঠনের একটি রোডম্যাপ উপস্থাপন করা হয়। ড. মো. ইউসুফ ইফতি ও প্রফেসর ড. ইউসুফ মাহবুবুল ইসলামের যৌথ প্রবন্ধে বলা হয়, ২০৩০ সালের মধ্যে এই মডেল বাস্তবায়িত হলে জিডিপিতে ৪০ বিলিয়ন ডলার যোগ করা সম্ভব হবে। প্রতিমন্ত্রী প্রাথমিক শিক্ষকদের লিডারশিপ ও সফট স্কিলস উন্নয়নে ট্রেইনার্স অ্যাসোসিয়েশনের সহযোগিতা কামনা করেন। এনএসডিএ-এর এক্সিকিউটিভ চেয়ারম্যান নাজনীন কাউসার চৌধুরী এই প্রস্তাবকে সময়োপযোগী উল্লেখ করে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার আশ্বাস দেন।

