সীমান্ত নিরাপত্তায় নতুন মাত্রা: জনবল ও অস্ত্রে আধুনিকায়ন
সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) বাহিনীকে আরও আধুনিক ও শক্তিশালী করে গড়ে তোলার পরিকল্পনা গ্রহণ করেছে সরকার। এ লক্ষ্যে বাহিনীর জনবল বৃদ্ধির পাশাপাশি সর্বাধুনিক প্রযুক্তি, অস্ত্র ও যানবাহন সংগ্রহের উদ্যোগ নেওয়া হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন, বর্তমান সরকার সীমান্ত রক্ষী বাহিনীর সক্ষমতা বাড়াতে বদ্ধপরিকর।
সোমবার (২০ জুলাই) দুপুরে রাজধানীর পিলখানাস্থ বিজিবি সদর দপ্তর পরিদর্শনে যান স্বরাষ্ট্রমন্ত্রী। দায়িত্ব গ্রহণের পর এটিই ছিল তার প্রথম বিজিবি সদর দপ্তর সফর। এ সময় তিনি বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে বৈঠক করে সীমান্ত পরিস্থিতি, ব্যাটালিয়ন ও সেক্টরের সার্বিক অবস্থা এবং ভবিষ্যৎ চাহিদার বিষয়ে বিস্তারিত ধারণা লাভ করেন।
মন্ত্রী জানান, সীমান্তে নজরদারি ও অনুপ্রবেশ রোধে প্রযুক্তির ব্যবহার বাড়ানো হবে যাতে দ্রুত তথ্য পাওয়া যায়। এছাড়া মাদক দ্রব্য চোরাচালান প্রতিরোধে বিজিবির কুকুর দল বা ডগ স্কোয়াডকে আরও কার্যকর করা হবে। নতুন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে এর বিধান রয়েছে। তবে নতুন দল গঠনে সময় লাগলেও অস্থায়ীভাবে বর্তমান ডগ স্কোয়াডকে কাজে লাগানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একইসাথে বেসামরিক প্রশাসনকে সহায়তার ‘ইন এইড টু সিভিল পাওয়ার’ কার্যক্রমও জোরদার করা হবে।

