জাবেদের ফ্ল্যাটে মিলল ১৫০০ বিলাসবহুল পণ্য, রোলেক্স ও মুক্তা উদ্ধার
আদালতের নির্দেশে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের রাজধানীর গুলশানের দুই ফ্ল্যাটে অভিযান চালিয়ে দেড় হাজারের বেশি বিলাসবহুল পণ্য জব্দ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গত দুই দিন ধরে চলা এই অভিযানে মোট ২৬৯ ধরনের পণ্যের তালিকা তৈরি করা হয়েছে।
দুদকের সহকারী পরিচালক (জনসংযোগ) তানজির আহমেদ জানিয়েছেন, গুলশানের ৬৬ নম্বর রোডে নর্থওয়েস্ট বি ব্লকের ১১ নম্বর প্লটের বাড়িতে এ অভিযান পরিচালনা করা হয়। দুদকের উপ-পরিচালক মো. মশিউর রহমানের নেতৃত্বে টিমটি ফ্ল্যাট এ-৭ থেকে প্রায় ১১৩৫টি এবং ফ্ল্যাট বি-৭ থেকে প্রায় ৪০০টি পণ্যের ইনভেন্টরি তালিকা সম্পন্ন করেছে।
এসব পণ্যের মধ্যে রয়েছে ৩০০টির বেশি কোট, ৫৩২টির বেশি টাই, ৮টি ঘড়ির বক্স (যার মধ্যে রোলেক্সের ৪টি), প্রায় ১০০টি কামিজ, মুক্তার গহনা, ঝাড়বাতি, বিলাসবহুল বেড-সোফা, এসি, সিলিং ফ্যান, ট্রেড মিল, ফ্রিজ, সুটকেস ও টেবিল-চেয়ার। ক্রয় রসিদ অনুযায়ী প্রতিটি রোলেক্স ঘড়ির দাম ১৪ হাজার থেকে ১৭ হাজার ৫০০ মার্কিন ডলার পর্যন্ত হতে পারে।
সাইফুজ্জামান চৌধুরী ২০১৪ থেকে ২০১৮ সাল পর্যন্ত ভূমি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এবং ২০১৯ থেকে ২০২৩ সাল পর্যন্ত একই মন্ত্রণালয়ের মন্ত্রী ছিলেন। ক্ষমতার পরিবর্তনের পর তার বিরুদ্ধে অনুসন্ধান শুরু করে দুদক। সর্বশেষ ২০২৫ সালের ৯ সেপ্টেম্বর ৯ সদস্যের একটি টিম গঠন করা হয়। অনিয়ম ও দুর্নীতির অভিযোগে তার বিরুদ্ধে একাধিক মামলায় তার স্ত্রী রুকমীলা জামান, ইউসিবি ব্যাংকের সাবেক চেয়ারম্যান ও প্রায় অর্ধশত ব্যাংক কর্মকর্তাকে আসামি করা হয়েছে।

