দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিত: মন্ত্রিপরিষদ বিভাগের কর্মকর্তা বরখাস্ত

প্রাইম বার্তা অনলাইন
২০ জুলাই ২০২৬ ৭:৩৩ পিএম
দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিত: মন্ত্রিপরিষদ বিভাগের কর্মকর্তা বরখাস্ত

বিনা অনুমতিতে দীর্ঘদিন যাবৎ কর্মস্থলে অনুপস্থিত থাকার অভিযোগে মন্ত্রিপরিষদ বিভাগের এক প্রশাসনিক কর্মকর্তাকে চাকরি থেকে অপসারণ করা হয়েছে। মোহাম্মদ আব্দুল্লাহ নামের ওই কর্মকর্তার বিরুদ্ধে পলায়নের অভিযোগ প্রমাণিত হওয়ায় রোববার (১৯ জুলাই) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। তার বরখাস্তের আদেশটি ২০২৫ সালের ৬ আগস্ট থেকে কার্যকর বলে গণ্য করা হবে, যেদিন থেকে তিনি অনুপস্থিত ছিলেন।

মন্ত্রিপরিষদ বিভাগের সাধারণ সেবা-১ অধিশাখার ওই কর্মকর্তা বিনা ছুটিতে ২০২৫ সালের ৬ আগস্ট থেকে কর্মস্থলে আসছিলেন না। এ ঘটনায় তাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হলেও তার বক্তব্য আমলযোগ্য হয়নি। পরবর্তীতে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮-এর ৩(গ) বিধি অনুযায়ী তার বিরুদ্ধে পলায়নের অভিযোগে বিভাগীয় মামলা রুজু করা হয়। চলতি বছরের জানুয়ারিতে তদন্ত কর্মকর্তা নিয়োগ দেওয়ার পর ফেব্রুয়ারিতে দাখিল হওয়া প্রতিবেদনে তার বিরুদ্ধে আনা অভিযোগ সত্য প্রমাণিত হয়।

দ্বিতীয় দফায় কারণ দর্শানোর নোটিশেরও জবাব সন্তোষজনক না হওয়ায় বিধিমালার ৪(৩)(ঘ) ধারা অনুযায়ী তাকে বরখাস্তের প্রাথমিক সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ। এরপর বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (বিপিএসসি) মতামত ও অনুমোদনের ভিত্তিতে মন্ত্রিপরিষদ বিভাগ চূড়ান্তভাবে তাকে চাকরি থেকে বরখাস্ত করার সিদ্ধান্ত নেয় এবং আনুষ্ঠানিক প্রজ্ঞাপন জারি করে।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...