স্বপ্ন দেখালেও স্বপ্নভঙ্গ: দুই লাখ কোটি ঘাটতির বাজেট নিয়ে রুমিনের ক্ষোভ
জাতীয় সংসদের বাজেট অধিবেশনে অর্থবিলের সংশোধনী নিয়ে আলোচনায় অংশ নিয়ে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য রুমিন ফারহানা বলেছেন, বাজেটে সরকার যত স্বপ্নই দেখাক, বছর শেষে সাধারণ মানুষকে স্বপ্নভঙ্গের খেসারত দিতে হয়। সোমবার (২৯ জুন) বিকেলে সংসদে দাঁড়িয়ে তিনি বর্তমান অর্থনীতির নানা দুর্বলতার কথাও তুলে ধরেন।
সংসদ সদস্য জানান, প্রস্তাবিত বাজেটে মোট ব্যয়ের হিসাব দাঁড়িয়েছে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকা। অপরদিকে আয়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৬ লাখ ৯৫ হাজার কোটি টাকা। ফলে বাজেট ঘাটতির পরিমাণ দাঁড়াচ্ছে ২ লাখ ৪৩ হাজার কোটি টাকা। তিনি উদ্বেগ প্রকাশ করে বলেন, রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা বাস্তবে কখনোই অর্জিত হয় না, যার ফলে প্রকৃত ঘাটতির পরিমাণ আরও বেড়ে যায় এবং দেশকে ঋণনির্ভরতা থেকেই বের হতে হয়।
এছাড়াও প্রধানমন্ত্রীর চীন সফরের অর্থনৈতিক প্রভাব নিয়েও সরকারের প্রতি প্রশ্ন তোলেন রুমিন ফারহানা। তিনি জানতে চান, ওই সফরে চীনের কাছ থেকে বাংলাদেশ ঋণ বা বিনিয়োগের কোনো প্রতিশ্রুতি পেয়েছে কি না। পররাষ্ট্রমন্ত্রীর একটি মন্তব্যের প্রসঙ্গ টেনে তিনি বলেন, ঋণ চাওয়াকে ভিক্ষা বলে মনে করার সুযোগ নেই, তবে দেশের অর্থনৈতিক প্রেক্ষাপট বিবেচনা করে সরকারের স্পষ্ট হওয়া উচিত।
বর্তমানে দেশ উচ্চ মূল্যস্ফীতি, অর্থনীতির মন্থর গতি, ব্যাংক খাতে তারল্য সংকট এবং জ্বালানি সংকটের মতো নানা সমস্যার মধ্য দিয়ে যাচ্ছে উল্লেখ করে তিনি এই পরিস্থিতি থেকে উত্তরণের পথ খুঁজে বের করার ওপর গুরুত্ব আরোপ করেন।

