চট্টগ্রাম বন্দরে শিল্প নিরাপত্তায় দক্ষতা বাড়াতে আঞ্চলিক প্রশিক্ষণের উদ্বোধন

প্রাইম বার্তা অনলাইন
২৯ জুন ২০২৬ ৭:৪৭ পিএম
চট্টগ্রাম বন্দরে শিল্প নিরাপত্তায় দক্ষতা বাড়াতে আঞ্চলিক প্রশিক্ষণের উদ্বোধন

চট্টগ্রাম বন্দরের শিল্প নিরাপত্তা ব্যবস্থা আরও শক্তিশালী করার লক্ষ্যে দুই সপ্তাহব্যাপী একটি আঞ্চলিক প্রশিক্ষণ কর্মসূচির সূচনা হয়েছে। ফ্রান্স সরকারের সহযোগিতায় আয়োজিত এই প্রশিক্ষণে চারটি দেশের ২০ জন কর্মকর্তা অংশগ্রহণ করছেন।

সোমবার অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত জঁ-মার্ক সেরে-শার্লে। এ সময় চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সদস্য (হারবার অ্যান্ড মেরিন) কমোডর আহমেদ আমিন আব্দুল্লাহ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। শিল্প নিরাপত্তা বিশেষজ্ঞ অলিভিয়ার সালভির তত্ত্বাবধানে এই প্রশিক্ষণ পরিচালিত হচ্ছে।

প্রশিক্ষণে বাংলাদেশ, ফ্রান্স, থাইল্যান্ড ও শ্রীলঙ্কার ২০ জন কর্মকর্তা অংশ নিচ্ছেন। কোর্সটির মূল উদ্দেশ্য হলো আধুনিক কনটেইনার টার্মিনাল, তরল হাইড্রোকার্বন ডিপো, তেল ও গ্যাস অপারেশন এবং রাসায়নিক সংরক্ষণ ব্যবস্থার সাথে সম্পর্কিত ঝুঁকি মোকাবিলার কৌশল নিয়ে কর্মকর্তাদের দক্ষ করে তোলা।

উদ্বোধনী বক্তব্যে ফ্রান্সের রাষ্ট্রদূত জঁ-মার্ক সেরে-শার্লে বলেন, শিল্প ঝুঁকি মোকাবিলা এবং দুর্ঘটনা প্রতিরোধে ফ্রান্স সরকারের এই সহায়তা অংশগ্রহণকারীদের দক্ষতা বাড়াতে সহায়ক ভূমিকা পালন করবে। কমোডর আহমেদ আমিন আব্দুল্লাহ উল্লেখ করেন, সমুদ্রবন্দরগুলোর শিল্প নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের প্রশিক্ষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং বন্দর কর্তৃপক্ষ ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখবে।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...