স্কুল ফিডিংয়ের খাবার আত্মসাতের অভিযোগে প্রধান শিক্ষিকার বিরুদ্ধে সরকারের কঠোর ব্যবস্থা

প্রাইম বার্তা ডেস্ক
২৯ জুন ২০২৬ ১০:৫৪ এএম
স্কুল ফিডিংয়ের খাবার আত্মসাতের অভিযোগে প্রধান শিক্ষিকার বিরুদ্ধে সরকারের কঠোর ব্যবস্থা

প্রাথমিক শিক্ষার গুণগত মান উন্নয়ন এবং শিক্ষার্থীদের পুষ্টি নিশ্চিতকরণে সরকারের গৃহীত ‘স্কুল ফিডিং’ কর্মসূচিতে যেকোনো ধরণের অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান পুনর্ব্যক্ত করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। এরই ধারাবাহিকতায়, বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলার রানীরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা রেশমা আক্তারের বিরুদ্ধে স্কুল ফিডিংয়ের সামগ্রী আত্মসাতের সুনির্দিষ্ট অভিযোগে আজ এক অফিস আদেশের মাধ্যমে জরুরি কৈফিয়ত তলব করেছে জেলা প্রাথমিক শিক্ষা অফিস, বরিশাল।

গত ২৫ জুন ২০২৬ তারিখে বিদ্যালয় ছুটি শেষে ফেরার পথে উক্ত প্রধান শিক্ষিকা কর্তৃক স্কুল ফিডিং কর্মসূচির জন্য বরাদ্দকৃত ২৪টি ডিম এবং ২২ প্যাকেট বিস্কুট অনৈতিকভাবে নিজের বাসায় নিয়ে যাওয়ার ঘটনাটি ঘটে। পরবর্তীতে সামাজিক যোগাযোগ মাধ্যম (ফেসবুক) এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় বস্তুনিষ্ঠভাবে প্রকাশিত হলে বিষয়টি অঅধিদপ্তরের দৃষ্টিগোচর হয়।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের থেকে জানানো হয়েছে, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কোমলমতি শিশুদের পুষ্টির জন্য বরাদ্দকৃত খাবারে যেকোনো ধরণের অনিয়ম বা আত্মসাতের চেষ্টা কোনোভাবেই বরদাশত করা হবে না। বর্তমান সরকার সরকারি সেবায় স্বচ্ছতা, জবাবদিহি এবং সুশাসন নিশ্চিত করতে শতভাগ প্রতিশ্রুতিবদ্ধ। গণমাধ্যমে বিষয়টি আসার পরপরই দ্রুততম সময়ে ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া শুরু করা হয়েছে।

জেলা প্রাথমিক শিক্ষা অফিসার স্বাক্ষরিত উক্ত নোটিশে অভিযুক্ত শিক্ষককে ‘সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮’ মোতাবেক আগামী ৩ (তিন) কার্যদিবসের মধ্যে সন্তোষজনক জবাব সশরীরে দাখিলের নির্দেশ প্রদান করা হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে উপযুক্ত ও সন্তোষজনক জবাব প্রদানে ব্যর্থ হলে তার বিরুদ্ধে আইনানুগ ও কঠোর বিভাগীয় শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় জনগণের সজাগ দৃষ্টি ও গণমাধ্যমের গঠনমূলক ভূমিকাকে সাধুবাদ জানায়। শিশুদের অধিকার এবং সরকারি সম্পদের সুরক্ষায় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সর্বদা বদ্ধপরিকর।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...