পাংশায় মাদকবিরোধী অভিযান: ৫ জনের কারাদণ্ড, গ্রেফতার ৪

মো. আকাশ মাহমুদ, পাংশা (রাজবাড়ী)
০৫ মার্চ ২০২৬ ৫:৫৭ পিএম
পাংশায় মাদকবিরোধী অভিযান: ৫ জনের কারাদণ্ড, গ্রেফতার ৪

রাজবাড়ীর পাংশায় মাদকবিরোধী অভিযানে মাদক সেবনের দায়ে পাঁচজনকে মোবাইল কোর্টের মাধ্যমে কারাদণ্ড প্রদান করা হয়েছে। একই অভিযানে জনশৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তিনজন এবং একটি গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামিসহ আরও চারজনকে গ্রেফতার করেছে পাংশা মডেল থানা পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, বুধবার (৪ মার্চ) রাত সাড়ে ১০টার দিকে পাংশা মডেল থানার এসআই (নিঃ) মো. চান মিয়া সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ অবৈধ মাদকদ্রব্য উদ্ধার ও গ্রেপ্তারি পরোয়ানা তামিলের উদ্দেশ্যে অভিযান পরিচালনা করেন।

অভিযানকালে পাংশা উপজেলার যশাই ইউনিয়নের চরদূর্লভদিয়া গ্রামের মন্টু মোল্লার বসতবাড়িতে মাদক সেবনরত অবস্থায় পাঁচজনকে আটক করা হয়।

পরে পাংশা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রিফাতুল হক ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় প্রত্যেককে ১ (এক) মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ৫০ টাকা করে অর্থদণ্ড প্রদান করেন। পরে তাদের কারাগারে পাঠানো হয়েছে।

দণ্ডপ্রাপ্তরা হলেন- চরদূর্লভদিয়া গ্রামের মাহাতাব বিশ্বাসের ছেলে আসিক হোসেন (২৪), চরঝিকড়ী গ্রামের শুকুর আলীর ছেলে মো. তারেক (২৫), চরলক্ষীপুর গ্রামের পাচু মণ্ডলের ছেলে তেবেল হোসাইন (২২), চরদূর্লভদিয়া গ্রামের মোশারফ মোল্লার ছেলে মন্টু মোল্লা (৫০) এবং একই গ্রামের মোশারফ মোল্লার ছেলে ঠান্ডু মোল্লা (৪৮)।

এদিকে একই রাতে অভিযান চলাকালে রাত ১১টার দিকে পাংশা পুরাতন বাজার দরগা মোড় এলাকা থেকে নেশাজাতীয় দ্রব্য সেবন করে উচ্চস্বরে চিৎকার করে জনসাধারণের শান্তি-শৃঙ্খলা নষ্ট করায় তিনজনকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- চরলক্ষীপুর গ্রামের আব্দুস সোবাহানের ছেলে আজগর আলী (৩৫), একই গ্রামের সালাম মণ্ডলের ছেলে মেহেদী হাসান রুবেল (৩৪) এবং ঢেকিপাড়া গ্রামের মৃত নিজাম উদ্দিনের ছেলে মো. জামাল প্রামাণিক (৪৭)।

অভিযান চলাকালে আরও একটি জিআর ওয়ারেন্টভুক্ত আসামি বাবুপাড়া ইউনিয়নের চাঁদপুর গ্রামের দুলাল মিয়ার ছেলে মো. রফিকুল মিয়া (৪০) কে গ্রেফতার করা হয়।

এ বিষয়ে পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মঈনুল ইসলাম বলেন, গ্রেফতারকৃত চারজনকে আইনি প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...