পদ্মায় বাস ডুবি: স্ত্রী-কন্যার জন্য নদীর পাড়ে রেজাউলের আর্তনাদ

প্রাইম বার্তা অনলাইন
২৬ মার্চ ২০২৬ ১২:১৮ এএম
পদ্মায় বাস ডুবি: স্ত্রী-কন্যার জন্য নদীর পাড়ে রেজাউলের আর্তনাদ

রাজবাড়ির দৌলতদিয়া ঘাটে পদ্মা নদীর তীরে স্বজনদের আহাজারি ও কান্নার শব্দে ভারী হয়ে উঠেছে বাতাস। স্ত্রী ও সাত বছরের শিশুকন্যার লাশের অপেক্ষায় নদীর পাড়ে দাঁড়িয়ে আছেন রেজাউল নামের এক বাকরুদ্ধ পিতা। দুর্ঘটনার শিকার বাসটিতে তার পরিবারের সদস্যরা যাত্রী হিসেবে ছিলেন।

বুধবার বিকেল সাড়ে ৫টার দিকে দৌলতদিয়ার ৩ নম্বর ফেরিঘাটে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। কুমারখালী থেকে ছেড়ে আসা সৌহার্দ্য পরিবহনের ঢাকাগামী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মায় পড়ে যায়। প্রাথমিকভাবে জানা গেছে, বাসটিতে অন্তত ৪৫ জন যাত্রী ছিলেন। এর মধ্যে ১০ থেকে ১২ জন সাঁতরে কূলে উঠতে পারলেও রাত ১০টা পর্যন্ত দুইজনের লাশ উদ্ধার করা সম্ভব হয়েছে। নিহতরা হলেন রাজবাড়ির ভবানীপুর লালমিয়া সড়কের রেহেনা পারভীন (৬০) ও মর্জিনা বেগম (৫০)।

আহত রেজাউল জানান, রাজবাড়ি থেকে তিনি তার স্ত্রী ও দুই মেয়কে নিয়ে ওই বাসে ওঠেন। বাসটি নদীতে পড়ে যাওয়ার পর স্থানীয়দের সহায়তায় তিনি ও তার ছোট মেয়ে কূলে উঠতে পারলেও স্ত্রী ও বড় মেয়েকে আর খুঁজে পাওয়া যায়নি। কান্নাজড়িত কণ্ঠে তিনি বলেন, তার স্ত্রী ও সন্তানের লাশ যেন তাকে ফেরত দেওয়া হয়।

রাজবাড়ির ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক দেওয়ান সোহেল রানা জানিয়েছেন, দৌলতদিয়া ও পাঁচুরিয়া ইউনিটের ডুবুরি দল উদ্ধার অভিযান শুরু করেছে। উদ্ধারকারী জাহাজ হামজা কাজ করছে। তবে বৃষ্টির কারণে উদ্ধার কাজ ব্যাহত হচ্ছে। এখন পর্যন্ত পানির নিচ থেকে বাসটি শনাক্ত বা উদ্ধার করা যায়নি। দুর্ঘটনায় আহত নুসরাত সাবাকে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...