চট্টগ্রাম সফরে প্রধানমন্ত্রী তারেক রহমান, হাটহাজারী-ফটিকছড়িতে উৎসবমুখর আবহ
আগামী রোববার (৯ আগস্ট) চট্টগ্রামের ফটিকছড়ি ও হাটহাজারী উপজেলায় আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এই সফর ঘিরে দুই উপজেলাজুড়ে এখন উৎসবের আমেজ বিরাজ করছে। স্থানীয় বাসিন্দা, রাজনৈতিক নেতাকর্মী এবং প্রশাসনের মধ্যে শুরু হয়েছে ব্যাপক খুশি আর তৎপরতা। আজ সকালে বিমান বাহিনীর এমআই-১৭ হেলিকপ্টারে করে কক্সবাজারের মহেশখালী পৌঁছেছেন প্রধানমন্ত্রী। সেখানকার কর্মসূচি শেষে দুপুরের পর তিনি চট্টগ্রামের ফটিকছড়ির উদ্দেশে রওয়ানা করবেন।
ফটিকছড়ির পাইন্দং ইউনিয়নের পেলাগাজীর দিঘী সিএনবি মাঠে প্রধানমন্ত্রীর হেলিকপ্টার অবতরণের জন্য হেলিপ্যাড তৈরি করা হয়েছে। সেখানে নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে। প্রধানমন্ত্রীর সম্ভাব্য যাতায়াত পথ পরিষ্কার ও সৌন্দর্যবর্ধনের কাজ শেষ পর্যায়ে। ফটিকছড়ির বাবুনগর মাদরাসায় হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সঙ্গে সৌজন্য সাক্ষাত ও সংগঠনটির প্রায় ৫০ জন শীর্ষ নেতার সঙ্গে মতবিনিময় করবেন তিনি। এরপর হাটহাজারীতে গিয়ে প্রয়াত আল্লামা শাহ আহমদ শফী ও আল্লামা জুনাইদ বাবুনগরীর কবর জিয়ারত করবেন।
এই সফরে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পুনর্বাসন কর্মসূচিতেও অংশ নেবেন প্রধানমন্ত্রী। ফটিকছড়ি বাসস্ট্যান্ড, বিবিরহাট বাজার, চট্টগ্রাম-খাগড়াছড়ি আঞ্চলিক মহাসড়ক ও নাজিরহাট সেতু এলাকায় চলছে নানা প্রস্তুতি। সাধারণ মানুষের মধ্যে প্রধানমন্ত্রীকে একনজর দেখার আগ্রহ লক্ষ্য করা যাচ্ছে।

