ভারত মহাসাগরে মার্কিন রণতরীতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি

ভারত মহাসাগরে মার্কিন যুক্তরাষ্ট্রের একটি যুদ্ধজাহাজ এবং একটি জ্বালানি ট্যাঙ্কারের ওপর সফল ক্ষেপণাস্ত্র হামলা চালানোর দাবি করেছে ইরান। বুধবার (৪ মার্চ) ভোরে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) পক্ষ থেকে এই দাবি করা হয়। আইআরজিসি জানিয়েছে, তাদের দক্ষিণ উপকূল থেকে প্রায় ৬৫০ কিলোমিটার দূরে এই অভিযান পরিচালনা করা হয়েছে, যার ফলে জাহাজ দুটির ডেকে বড় ধরনের অগ্নিকাণ্ডের সৃষ্টি হয়েছে।
‘অপারেশন ট্রু প্রমিজ ৪’-এর অংশ হিসেবে এই হামলা চালানো হয় বলে জানা গেছে। এতে ইরানের তৈরি অত্যন্ত দ্রুতগতিসম্পন্ন ‘কাদর-৩৬০’ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং ‘তালাইয়েহ’ স্মার্ট ক্রুজ ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে। সামরিক বিশ্লেষকদের মতে, সাগরের মাঝখানে এত দূর থেকে সফল আঘাত হানা ইরানের দূরপাল্লার ক্ষেপণাস্ত্র প্রযুক্তির উন্নতির প্রমাণ বহন করে। হামলার সময় মার্কিন ডেস্ট্রয়ারটি একটি মার্কিন ট্যাঙ্কার থেকে জ্বালানি সংগ্রহ করছিল বলে জানা গেছে।
ইরানের দাবি, গত শনিবার (২৮ ফেব্রুয়ারি) মার্কিন ও ইসরায়েলি বাহিনীর হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার পর এটি একটি প্রতিশোধমূলক পদক্ষেপ। তবে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এই হামলায় হতাহত বা ক্ষয়ক্ষতির বিষয়ে কোনো আনুষ্ঠানিক স্বীকারোক্তি পাওয়া যায়নি।

