ইরানের পাল্টা আঘাতে ইসরায়েলে দুই জনের মৃত্যু, আহত চার শতাধিক
ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ অভিযানের পর ইরান যে পাল্টা আঘাত হেনেছে, তাতে দুই ইসরায়েলি নিহত হয়েছেন বলে স্বীকার করেছে দেশটির সামরিক বাহিনী। গত শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকাল থেকে শুরু হওয়া এই সংঘাতে ইসরায়েলের স্থানীয় হাসপাতালগুলোতে চিকিৎসা নিতে আসেন মোট ৪৫৬ জন। এর মধ্যে ৮৬ জন এখনও আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন। এর আগে ইরানের হামলায় ইসরায়েলের হতাহতের কোনো তথ্য প্রকাশ করা হয়নি।
ইসরায়েল ডিফেন্স ফোর্সের (আইডিএফ) মুখপাত্র এফফি ডেফরিন জানান, তাদের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় থাকা সত্ত্বেও কিছু আঘাত এড়ানো সম্ভব হয়নি। তিনি দাবি করেছেন, জবাবী অভিযানে তারা ইরানের প্রতিরক্ষা ব্যবস্থায় ব্যাপক ক্ষতি করতে সক্ষম হয়েছে। ডেফরিন আরও জানান, মার্কিন সামরিক বাহিনীর সঙ্গে মিলে তারা এই অভিযান চালিয়ে যাচ্ছেন এবং নির্দিষ্ট সব লক্ষ্য অর্জনের আগ পর্যন্ত তারা হামলা অব্যাহত রাখবে।
এদিকে, সামরিক বাহিনীর পক্ষ থেকে সাধারণ মানুষকে সতর্ক থাকতে এবং হামলার সময় নিরাপদ আশ্রয়ে অবস্থান নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। প্রাথমিকভাবে আহতদের মধ্যে অধিকাংশকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হলেও নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি রোগীর সংখ্যা উদ্বেগজনক বলে জানিয়েছে তেল আবিব।

